Ajker Patrika

চাটমোহরে বাড়ছে আউশের আবাদ, কম খরচে ভালো ফলন

শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, চাটমোহর (পাবনা)
চাটমোহরে বাড়ছে আউশের আবাদ, কম খরচে ভালো ফলন
আউশ ধান কাটার কাজ চলছে চলনবিল অধ্যুষিত এলাকায়। ছবি: আজকের পত্রিকা

পাবনার চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলায় চলতি মৌসুমে বোনা ও রোপা মিলিয়ে ১ হাজার ৪১৩ হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। খরিপ-১ মৌসুমে রোপণ করা আউশ ধান কাটার কাজ প্রায় শেষের দিকে। কৃষকেরা বিঘাপ্রতি ১৬ থেকে ১৮ মণ হারে ধান পাচ্ছেন বলে জানিয়েছেন।

উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আউশ ধানের চাষ হয়েছে। উঁচু এলাকাগুলোতে দিন দিন আউশ চাষ বাড়ছে।

চাটমোহর উপজেলায় একসময় শুধু রোপা আমন, বোনা আমন ও বোরো ধানের চাষ হলেও শস্য বিন্যাস পরিবর্তনের ফলে দুই ধান ওঠার মাঝে বাড়তি ফসল হিসেবে আউশ চাষ হচ্ছে। আগে বোনা আউশের প্রচলন থাকলেও উচ্চফলনশীল জাত প্রবর্তনের পর সাম্প্রতিক বছরগুলোতে রোপা আউশের চাষ বেড়েছে।

পৌর সদরের কৃষক মহররম হোসেন বলেন, এ বছর তিনি চার বিঘা জমিতে রোপা আউশ ধান চাষ করেছেন। দুই বিঘা জমির ধান কেটে বিঘাপ্রতি ১৭ মণ ফলন পেয়েছেন। বাকি দুই বিঘার ধান কাটার কাজ চলছে।

মহররম হোসেন বলেন, আগে যেসব জমিতে দুটি ফসল হতো, কৃষি বিভাগের পরামর্শে সেখানে স্বল্প জীবনকালের ধান রোপণ করে এখন তিনটি ফসল ফলাচ্ছেন।

মথুরাপুর ইউনিয়নের বৃগুয়াখড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, রোপা আমন ও রোপা আউশে ফলন প্রায় সমান হলেও আমন ও বোরো চাষে খরচ বেশি হয়। আউশ ধান চাষের পর সরিষা, গম বা অন্যান্য চৈতালি ফসল চাষ করলে লাভ বেশি হয়।

শফিকুল ইসলাম আরও বলেন, প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি দপ্তর থেকে সার ও বীজ পাওয়ায় আউশ ধান চাষ করে কৃষকেরা বেশি লাভবান হচ্ছেন।

ছাইকোলা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের কৃষক রহমত আলী বলেন, আউশ ধান চাষে সেচ খরচ খুব কম এবং অল্প সময়ের মধ্যেই ধান ঘরে তোলা যায়। তিনি বিঘাপ্রতি ১৬ থেকে ১৮ মণ ফলন পাচ্ছেন বলে জানান।

চাটমোহর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, আউশ ধান স্বল্প জীবনকালীন এবং এর সেচ খরচও কম। এতে ভূগর্ভস্থ পানির ব্যবহার কম হয়। কৃষকদের উদ্বুদ্ধ করা এবং উচ্চফলনশীল জাতের বীজ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় উপজেলায় আউশ চাষ বাড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, ‘শস্য বিন্যাসে পরিবর্তন এনে উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। বাড়তি ফসল হিসেবে আউশ চাষের মাধ্যমে শস্যের নিবিড়তা বাড়ছে। বোনা আউশের পাশাপাশি রোপা আউশ ধান জনপ্রিয় করতে কৃষি বিভাগ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত