Ajker Patrika

শাড়ি পরে দুরন্ত গতিতে সাইকেল চালিয়ে ভাইরাল স্বপ্না

পাবনা ও চাটমোহর প্রতিনিধি 
শাড়ি পরে দুরন্ত গতিতে সাইকেল চালিয়ে ভাইরাল স্বপ্না
শাড়ি পরে সাইকেল চালিয়ে যাচ্ছেন স্বপ্না শেখ। গতকাল চাটমোহরের টেবুনিয়া আঞ্চলিক সড়কে। ছবি: আজকের পত্রিকা

শাড়ি পড়ে ব্যস্ত সড়কে দুরন্ত গতিতে বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন এক নারী। তাঁর এমন সাইকেল চালানো দেখে হতবাক পথচারীসহ সবাই। সাইকেল চালানো অবস্থায় তিনি আবার বিভিন্ন কসরতও দেখান, যা দেখে মুগ্ধ হন অনেকে। গতকাল বুধবার পাবনার চাটমোহরের টেবুনিয়া আঞ্চলিক সড়কে এ দৃশ্য দেখা যায়।

এই নারীর নাম স্বপ্না শেখ। তাঁর বাড়ি পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর মধ্যপাড়া গ্রামে। সাইকেল চালিয়ে ব্যাপক পরিচিতির কারণে তিনি এখন কারও কাছে ভাইরাল স্বপ্না, কারও কাছে সাইকেলকন্যা স্বপ্না নামে পরিচিত।

আজকের পত্রিকার সঙ্গে আলাপকালে স্বপ্না বলেন, ছোটবেলা থেকেই সাইকেল ভালোবাসতেন তিনি। ভাইদের সাইকেল চালানো দেখে তাঁর নিজেরও সাইকেল চালাতে ইচ্ছা করত। বাল্যবিবাহ, মাদকাসক্ত স্বামীর সংসার, এমনকি দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয়—জীবনের সব প্রতিকূলতা আর কষ্টের মধ্যেও নিজের সাইকেল চালানোর শখটুকু ধরে রেখেছেন তিনি। সাইকেল চালানোর শখ এখন এক ধরনের নেশায় পরিণত হয়েছে তাঁর। সাইকেল চালানোর পাশাপাশি ভালো গানও গাইতে জানেন। এভাবেই জীবনটা উপভোগ করছেন তিনি। স্বপ্না বলেন, সাইকেল না চালালে ভালো লাগে না।

শাড়ি পরেই নিয়মিত চাটমোহরের বিভিন্ন সড়কে সাইকেল চালান স্বপ্না। শুধু চালানই নয়, বরং দুরন্ত গতিতে বাস, মিনিবাস, সিএনজি কিংবা অটোরিকশাকেও পেছনে ফেলে এগিয়ে যান অনায়াসে। এখন সবার কাছে ভাইরাল স্বপ্না বা সাইকেলকন্যা স্বপ্না নামে পরিচিত তিনি। রাস্তাঘাটে বড় বড় গাড়ি দেখে ভয় পান কি না, জানতে চাইলে তিনি হেসে বলেন, ‘উল্টো ওই সব গাড়ির চালকেরা আমার সাইকেল চালানো দেখে ভয় পান।’

স্বপ্না বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য সাইকেল চালান না। তারপরও কীভাবে যেন ভাইরাল হয়ে গেছেন। তিনি বলেন, ‘এখন খুব সমস্যা হয়। কারণ যখন-তখন বিভিন্ন সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবাররা ফোন করেন ভিডিও করার জন্য। এতে আমার কষ্টই হয়ে যায়। সাইকেল চালানোটা ঠিকমতো করতে পারি না।’ তবে সবার সঙ্গে ভালো মানসিকতা নিয়ে পথে চলতে চান তিনি।

মুদিদোকানদার গোলজার হোসেনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট স্বপ্না। ২০১০ সালে মাত্র ১৪ বছর বয়সে পাশের ভাঙ্গুড়া থানায় বিবাহ তাঁর। ভালোই চলছিল সংসারজীবন। এক ছেলে ও এক মেয়ের জন্ম দেন তিনি। তাঁর কিছুদিন পর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। স্বামী মাদকাসক্ত হওয়ায় তাঁর রোজগার বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ৭ বছর আগে দুই সন্তান নিয়ে বাধ্য হয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন স্বপ্না। কিন্তু দরিদ্র বাবার ঘরে বসে সন্তানদের নিয়ে থাকতে-খেতে কষ্ট লাগে হয়। কিছু করতে না পারার আক্ষেপ তাঁকে কুরে কুরে খায়। কয়েক বছর আগে কাপড়ের ব্যবসা করে মোটা অঙ্কের লোকসান হওয়ায় ভেঙে পড়েন স্বপ্না। বাবা হাতখরচের টাকাও ঠিকমতো আর দিতে চান না।

স্বপ্না বলেন, ‘ভাবছি, বাবা আর ভাইদের কাছ থেকে আবারও কিছু টাকা নিয়ে একটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াব। সন্তানদের নিয়ে নিজের মতো করে চলব।’ তবে সাইকেল চালানোকেন্দ্রিক কোনো নাটক বা মিউজিক ভিডিওতে সুযোগ পেলে কাজ করতে চান স্বপ্না।

প্রতিবেশী আব্দুল কাদের বলেন, দুই ছেলেমেয়ে নিয়ে বাবার বাড়িতে থাকায় অনেকটা কষ্টে দিন কাটছে স্বপ্নার। টাকাপয়সা উপার্জন করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। অনেকে তাঁর সাইকেল চালানোর ভিডিও করে নিয়ে গিয়ে ভাইরাল হয়েছেন, মিলিয়ন ভিউ হয়েছে, কিন্তু স্বপ্নার কিছুই হয়নি। এটা নিয়েও স্বপ্নার একটা দুঃখ আছে। তাই তাঁর দুই সন্তানের কথা ভেবে সরকার ও সমাজের বিত্তবান মানুষের তাঁর পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

স্বপ্নার বাবা গোলজার হোসেন বলেন, ‘একদিন সাইকেল চালাতে না দিলে স্বপ্না বাড়িঘর ভাঙচুর করে। কী করব, মেয়ের মুখের দিকে তাকিয়ে সাইকেল চালাতে দিতে বাধ্য হই। তবে মেয়েটার কষ্টের কথা কমবেশি সবাই জানে। তাঁর সাইকেল চালানোও সবাই দেখছেন, জানেন। কিন্তু আজ পর্যন্ত আমার মেয়ের একটা গতি হলো না। কোনো জায়গা থেকে কোনো সহযোগিতা এল না।’

সাইকেলকন্যা ভাইরাল স্বপ্নার সাইকেলটি পুরোনো হওয়ায় প্রায়ই নষ্ট হয়ে যায়। তাই তাঁর স্বপ্ন কোনো সহৃদয়বান ব্যক্তি যদি একটি নতুন সাইকেল উপহার দিতেন তাহলে সাইকেল চালানো অব্যাহত রাখতে পারতেন বলে জানান স্বপ্না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

কর্মস্থল খাগড়াছড়ির পানছড়ি, চিকিৎসাসেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে

নীরবতার চরম মূল্য: ভারতের উচ্চাকাঙ্ক্ষা যেভাবে হারিয়ে গেল উপসাগরীয় অঞ্চলে

‘বিসিবিতে স্ত্রী কোটায় রাখা হয়েছে রাশনা ইমামকে’

শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত