
হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পারিনি। চব্বিশের গণ-অভ্যুত্থানে যাঁরা রক্ত দিয়েছেন, সেই রক্তের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারিনি।’
আজ বৃহস্পতিবার বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাসনাত বলেন, দেশে এখনো মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। বেকারত্ব কমেনি, দ্রব্যমূল্যের চাপও কমেনি। তাঁর দাবি, গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার এলেও সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে বিভাজনের রাজনীতি এখনো বিদ্যমান।
সরকারের সমালোচনা করে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এসি গাড়িতে বসে, এসি বাসায় থেকে জনগণের কষ্ট বোঝা যায় না। স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা হচ্ছে মাদকের হাট। আমরা রাজনীতি এবার রাজনীতিবিদদের জন্য কঠিন করতে এসেছি।’ তিনি আরও মন্তব্য করেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণকে বিদ্যুতের পরিবর্তে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে।
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে হাসনাত মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও বেকারত্ব নিয়ে মন্তব্য করেন। সভা চলাকালে হট্টগোল ও পরে হাতাহাতির ঘটনাও ঘটে।
এনসিপির এই নেতা অভিযোগ করেন, চাঁদাবাজি ও দুর্নীতির পরিবর্তন চাওয়া হলেও অনেক ক্ষেত্রে শুধু পক্ষের পরিবর্তন হয়েছে। তাঁর ভাষ্য, সোনাগাজীতে আগে এক পক্ষ বালুর ব্যবসা করত, এখন আরেক পক্ষ করছে; আগে এক পক্ষ মামলা-বাণিজ্য করত, এখন অন্য পক্ষ করছে।
কর্মসংস্থান প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম কারণ ছিল বেকারদের কর্মসংস্থানের দাবি। কিন্তু এখনো বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি বলেন, সরকারপ্রধান এক কোটি কর্মসংস্থানের কথা বললেও গত ছয় মাসে প্রত্যাশিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি।
হাসনাত অভিযোগ করেন, শিক্ষিত বেকার যুবকদের হাতে চাকরি তুলে দেওয়ার পরিবর্তে সমাজে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে। তাঁর বক্তব্য, আগে যাঁরা ধানখেতে ঘুমাতেন, ঢাকায় রিকশা চালাতেন, তাঁরা এখন প্রাডো গাড়ি চালান।
কর্মসূচির আগে হাসনাত আবদুল্লাহ সোনাগাজীর মনগাজীতে শহীদ আব্দুল গনি বোরহানের কবর জিয়ারত করেন। পরে পৌর শহরে পদযাত্রা করেন। কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা অংশ নেন।

এনসিপির উপজেলা আহ্বায়ক আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মহি উদ্দিন রনিসহ স্থানীয় নেতা-কর্মীরা।
পথসভা চলাকালে হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটে। এতে অনুষ্ঠানস্থলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় নেতারা বক্তব্য শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমাবেশের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।
সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা সভাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর উপজেলা পর্যায়ের কয়েকজন নেতার মধ্যে আবারও কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটে। পাশাপাশি মঞ্চ থেকে এনসিপির ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজা উদ্দিনেরসহ অন্তত পাঁচটি মোবাইল ফোন চুরি হয়। একাধিক ব্যক্তি এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। কয়েকটি মোবাইল হারানোর বিষয়ে জিডি করেছে। পাশাপাশি সমাবেশস্থলে এনসিপির নেতা-কর্মীদের দুপক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার লালমাই উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৭ জন শিক্ষার্থী ও ৪৩ জন শিক্ষক আজ প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ সফর তাদের জন্য স্মরণীয়, অনুপ্রেরণাদায়ী ও স্বপ্নপূরণের অভিজ্ঞতায় পরিণত হয়...
১০ মিনিট আগে
খুলনার নিরালা প্রান্তিকা এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি কিশোরীর পরিচয় মিলেছে। নিহত আরফানা হোসেন নির্জনা (১৬) ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে এক যুবকের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
৩০ মিনিট আগে
টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাটা-শুকনাছড়ি পিচ সড়কের বেশ বড় একটি অংশ বিলীন হয়ে গেছে। উপজেলার ৪ নম্বর লতিবান ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে সব ধরনের যান-চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
৪১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে দুই শিশুসন্তানকে বিষ পান করানোর পর নিজে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। স্বজনেরা টের পেয়ে দ্রুত মা ও শিশুসন্তানদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
১ ঘণ্টা আগে