নোয়াখালীতে মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, ভাঙচুর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পূর্ব বাজারে বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে কয়েকজন যুবক মিছিলটি নিয়ে চৌমুহনী পূর্ব বাজার এলাকায় আসেন। স্থানীয়দের তথ্যমতে, এ সময় মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে আট দফা দাবিসংবলিত একটি ব্যানার ছিল। ওই ব্যানারে জেলা যুবলীগের সংগঠক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল শিহাবের নাম দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিলটি একপর্যায়ে গ্রামীণ ব্যাংকের চৌমুহনী শাখা কার্যালয়ের সামনে গিয়ে থামে। সেখানে কার্যালয়ের প্রবেশদ্বারের বিভিন্ন অংশে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। একই সময়ে ইটপাটকেল নিক্ষেপ করে কার্যালয়ের বাইরের জানালার কাচ ভাঙচুর করা হয়। এতে প্রবেশদ্বারের কিছু অংশ পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পরপরই একই এলাকায় প্রতিবাদ মিছিল করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
ঘটনার বিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।









