Ajker Patrika

পরিদর্শনে গিয়ে জরাজীর্ণ কাঠের সেতু ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি 
পরিদর্শনে গিয়ে জরাজীর্ণ কাঠের সেতু ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা
আজ সকালে ডিমলার নটাবাড়ী গ্রামে জরাজীর্ণ কাঠের সেতুর অবস্থা দেখতে গেলে সেটি ভেঙে নিচে পড়ে যান জামায়াতের নেতারা। ছবি: সংগৃহীত

জরাজীর্ণ কাঠের সেতুর অবস্থা দেখতে গিয়ে বিপাকে পড়লেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার ও তাঁর সফরসঙ্গীরা। অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ ভেঙে নদীতে পড়ে যান কয়েকজন নেতা-কর্মী। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন সংসদ সদস্য।

বুধবার সকাল ১১টার দিকে ডিমলা উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নটাবাড়ী গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়নের সংযোগকারী কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটির বর্তমান অবস্থা দেখতে এবং নতুন সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় উপজেলা আমিরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও গ্রামবাসী তাঁর সঙ্গে ছিলেন।

পরিদর্শনের একপর্যায়ে অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতা-কর্মী নিচে পড়ে যান। তবে স্থানীয় বাসিন্দা ও সফরসঙ্গীদের দ্রুত তৎপরতায় সংসদ সদস্য নিরাপদে সরে যেতে সক্ষম হন। এ ঘটনায় কয়েকজন সামান্য আহত হলেও গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান বলেন, দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ সেতু হওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।

পরে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘আজকের এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হলো, গ্রামের মানুষ কতটা কষ্ট করে যাতায়াত করছেন। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা সেতু নির্মাণ এবং কাঁচা রাস্তা পাকাকরণে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত