
নীলফামারীর ডিমলা উপজেলার রংপুর-ডালিয়া সড়কের সোনাখুলী স্লুইস গেট এলাকায় এক ভুট্টা ব্যবসায়ীকে পথরোধ করে গুরুতর আহত করার পর তাঁর কাছ থেকে নগদ ২০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী জামিয়ার রহমান (৪৫) বর্তমানে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, জামিয়ার রহমান বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়িক কাজে ব্যাংক থেকে টাকা তুলতে বাড়ি থেকে জলঢাকা উপজেলার উদ্দেশে রওনা হন। কাজ শেষে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তিস্তা সেচ প্রকল্পের সোনাখুলী স্লুইস গেট এলাকায় পৌঁছালে চারটি মোটরসাইকেলে আসা আটজন সশস্ত্র সন্ত্রাসী তাঁর গতিরোধ করে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা জামিয়ার রহমানকে এলোপাতাড়ি মারধর করে তাঁর কাছে থাকা নগদ ২০ লাখ টাকা লুট করে নেয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তিনি রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকেন।
খবর পেয়ে রাত ৮টার দিকে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাঁকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত ব্যবসায়ীর ভাতিজা সজীব ইসলাম বলেন, ‘চাচা দীর্ঘদিন ধরে ভুট্টার ব্যবসা করছেন। ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। চারটি মোটরসাইকেলে আটজন ডাকাত এসে চাচার ওপর হামলা করে এবং ২০ লাখ টাকা নিয়ে যায়।’
স্থানীয় সাংবাদিক মামুন ইসলামসহ কয়েকজন বাসিন্দা জানান, গত ২৯ মার্চ দিবাগত রাতে একই এলাকায় শতাধিক ট্রাক ও মাইক্রোবাস আটকে চালক ও যাত্রীদের কাছ থেকে অন্তত ৩৫টি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। একই স্থানে তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বার বড় ধরনের ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, তিন মাস আগের ওই ঘটনার পর ডিমলা থানা-পুলিশ যদি ওই পয়েন্টে নিয়মিত টহল বা কার্যকর ব্যবস্থা নিত, তবে এত দ্রুত একই স্থানে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। পুলিশের উদাসীনতার কারণেই অপরাধীরা আরও বেপরোয়া হয়েছে বলে মনে করছেন তাঁরা।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এলাকায় নিরাপত্তা জোরদার এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি বসতবাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে