
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শনকক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন দুই সংসদ সদস্য (এমপি)। আজ মঙ্গলবার বিকেলে নীলফামারী-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম ও বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামের মধ্যে এ বাগ্বিতণ্ডা হয়।
সূত্রমতে, নবনির্মিত সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শনকক্ষ উদ্বোধনের সময় নামফলকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম দেখে ক্ষুব্ধ হন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে ব্যাপক কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিদর্শনকক্ষে বসেই ঘণ্টাব্যাপী চলে এই বাগ্যুদ্ধ।
এ সময় বিলকিস ইসলাম বলেন, ‘এখানে আমাকে কেন প্রধান অতিথি করা হয়নি? আর ফলকে কেন শুধু একজনের নাম লেখা হয়েছে? এই পরিদর্শনকক্ষ কি শুধু আব্দুল মুনতাকিমের?’ এর পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, ‘এটা ৩৫০ জন জাতীয় সংসদ সদস্যের। এখানে সবাই আসবেন, কাজ করবেন। কিন্তু এলাকাটা যেহেতু আমার, তাই ফলকে আমার নামই থাকবে।’
আব্দুল মুনতাকিম আরও বলেন, ‘নারী এমপিদের এলাকা নির্ধারণ করে দেওয়া হয়নি। তাই তাঁদের জন্য পরিদর্শনকক্ষও নির্দিষ্ট নয়। এ কারণে এভাবে দলবল নিয়ে এসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি যদি অধিকার দেখাতে চান, তাহলে পরিপত্র অনুযায়ী হতে হবে। এমন কোনো ডকুমেন্টস আছে কি আপনার?’
এতে চটে যান বিলকিস ইসলাম এবং হট্টগোল শুরু হয়। এ সময় বিলকিস ইসলাম বিষয়টা দেখে নেওয়ার চ্যালেঞ্জ করেন এবং বলেন, ‘আমার দল সহজ সরল হলেও আমি নই। কোনো ক্ষেত্রেই ছাড় দিব না। এটা সংসদেও ওঠাব এবং এমপিগিরি দেখাব। আমি আমার অধিকার আদায় করে নিব। সারা দেশে কোথায় কীভাবে কী করা হয়েছে, তা আমি জানতে চাই না। সৈয়দপুর ও কিশোরগঞ্জের পরিদর্শনকক্ষে আমাকে স্থান দিতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, এম এ পারভেজ লিটন ও সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম।
এ বিষয়ে সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন জানান, উপজেলা পরিষদের ভবনে পরিদর্শনকক্ষের উদ্বোধনী নামফলকে দুই সংসদ সদস্যেরই নাম থাকা উচিত ছিল। তিনি বলেন, যেহেতু উপজেলা প্রশাসন উদ্বোধনের ব্যবস্থা করেছে, তাই পরিপত্র অনুযায়ী তারা নামফলক তৈরি করবে। এতে যখন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যের নাম থাকবে না, তখন তাঁকে আমন্ত্রণ জানানো ঠিক হয়নি।
তবে এ বিষয়ে সৈয়দপুরের ইউএনও ফারহা ফাতেহা তাকমিলা জানান, উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন আয়োজন করেনি। দুই সংসদ সদস্যের জন্য ওই কক্ষটি উদ্বোধনের আয়োজন তাঁরাই করেছেন।

বরিশালের বাবুগঞ্জে ইয়াবাসহ জসিম ব্যাপারী (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের তিলেরচর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১১ মিনিট আগে
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও ময়লা-আবর্জনার অভিযোগে তিনটি হোটেল ও একটি বেকারিকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে দুজনকে জরিমানা ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
২১ মিনিট আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গণ-অনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। কর্মসূচিতে সংহতি জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম জাতীয় সংসদে দাবি উত্থাপনের চেষ্টা করবেন বলে জানান।
২৭ মিনিট আগে