Ajker Patrika

দুর্গাপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দুজন আটক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
দুর্গাপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দুজন আটক
নেত্রকোনার দুর্গাপুরে ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুরে ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির ঘটনায় আরও দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

আটক ব্যক্তিরা হলেন বাজিতপুর উপজেলার মৃত বাছেত খানের ছেলে মো. ঈশা খান (৩৩) ও হবিগঞ্জ জেলার আগনা বাড়ি থানার দেওয়ান হিরন মিয়ার ছেলে মো. হাফিজুর রহমান ওরফে হৃদয় (৩০)।

এর আগে ১৮ জুলাই রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সিদ্দিকুর রহমান ওয়াদুদ মিয়ার বাড়িতে প্রতিদিনের মতো খাওয়াদাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে হঠাৎ দরজায় ডাক শুনে বাইরে বের হন সিদ্দিকুর রহমান ওয়াদুদ। এ সময় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছয় সদস্যের একটি ডাকাত দল ঘরের ভেতরে প্রবেশ করে। পরে মাদক বিক্রি ও জাল টাকার ব্যবসার অভিযোগ তুলে নানা কথাবার্তার ছলে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট করে নিয়ে যায় তারা।

ডাকাতেরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে থানা-পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গ্রামবাসীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার শিধলী এলাকা থেকে তিনজনকে আটক করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘ডিবি পরিচয়ে ওই বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতি করেন। ঘটনার দিনই ডাকাত দলের তিনজনকে আটক করা হয়। গতকাল রাতে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত