Ajker Patrika

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

  • ফিটনেসবিহীন এক হাজারের বেশি বাস অপসারণের সিদ্ধান্ত।
  • ঢাকায় প্রয়োজনীয় প্রায় ৬০টি বাস রুটের মধ্যে ৩২টিতে হয়েছে ঐকমত্য।
  • এক রুটে এক কোম্পানি, চূড়ান্ত হচ্ছে ঢাকার নতুন বাস রুট ব্যবস্থা।
‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৫ জুলাই ২০২৬, ২০: ৩৫
ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট
ডিটিসিএ কার্যালয়ে বাস রুট রেশনালাইজেশন-সংক্রান্ত মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে মহানগরীতে চলমান বাস রুট পুনর্বিন্যাস (রুট রেশনালাইজেশন) কার্যক্রমে অচল রুট বাতিল এবং ফিটনেসবিহীন এক হাজারের বেশি বাস দ্রুত অপসারণের সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কার্যালয়ে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেশন-সংক্রান্ত মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, বর্তমানে ঢাকা মহানগরীতে অনুমোদিত বাস রুট রয়েছে ৪১৮টি। তবে ডিটিসিএর জরিপে সচল পাওয়া গেছে মাত্র ৯৮টি রুট। চলমান এসব রুট ছাড়া বাকি অচল রুটগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া রাজধানীর গণপরিবহন ব্যবস্থার জন্য প্রায় ৬০টি বাস রুট প্রয়োজন বলে সভায় উল্লেখ করা হয়। এর মধ্যে ৩২টি রুটের বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্টদের মধ্যে ঐকমত্য হয়েছে। বাকি রুটগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, ঢাকা শহরে চলাচলকারী ফিটনেসবিহীন এক হাজারের বেশি বাস দ্রুত অপসারণ করা হবে।

এ ছাড়া রুটের তালিকা চূড়ান্ত হওয়ার পর কোন রুট কোন কোম্পানি পরিচালনা করবে, তা নির্ধারণ করা হবে। এক রুটে একটি কোম্পানি পরিচালনার সুযোগ পাবে। প্রতিটি রুটে বাসের সংখ্যা নির্ধারণ করে ফিটনেস, কাগজপত্র ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় যাচাই-বাছাই শেষে বাস পরিচালনার অনুমতি দেওয়া হবে।

সভায় উপস্থিত সংশ্লিষ্টরা বলেন, এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে।

সভায় সভাপতিত্ব করেন ডিটিসিএর নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান। প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভায় ডিএমপি, বিআরটিএ, বিআরটিসি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত