Ajker Patrika

নেত্রকোনায় কুরিয়ার কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই, শরীরে ১৫ সেলাই

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় কুরিয়ার কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই, শরীরে ১৫ সেলাই
আহত শ্রাবণ পাঠানকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার খালিয়াজুরীতে শ্রাবণ পাঠান (২৮) নামের স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ১ লাখ ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত শ্রাবণের মাথা, হাত ও পিঠে ১৫টির বেশি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার উদয়পুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত শ্রাবণ পাঠান উপজেলার সাতগাঁও গ্রামের কাঞ্চন পাঠানের ছেলে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কুরিয়ার সার্ভিসের মালামাল সরবরাহের জন্য মোটরসাইকেল নিয়ে বের হন শ্রাবণ। দুর্গম হাওরাঞ্চলের বিভিন্ন স্থানে মালামাল পৌঁছে দিতে গিয়ে রাত হয়ে যায়। রাত ৯টার দিকে উদয়পুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা, হাত ও পিঠে এলোপাতাড়ি কোপায়। একপর্যায়ে তাঁর কাছে থাকা ডেলিভারির ১ লাখ ১৪ হাজার টাকা ও গ্রাহকদের মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় শ্রাবণ নিজেই মোটরসাইকেল চালিয়ে উদয়পুর বাজারের কাছাকাছি সড়কে পৌঁছান। সেখানে অচেতন হয়ে পড়ে গেলে পথচারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোমবার দুপুরে শ্রাবণের জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনো কথা বলতে পারছেন না। ইশারার মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নিজের প্রয়োজনের কথা জানাচ্ছেন। তাঁর মাথা, হাত ও পিঠের বিভিন্ন স্থানে ১৫টির বেশি সেলাই দেওয়া হয়েছে।

খালিয়াজুরী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের শাখা কার্যালয়ের কর্মী সজিব সরকার বলেন, শ্রাবণের কাছে মালামাল সরবরাহের ১ লাখ ১৪ হাজার টাকা ছিল। এ ছাড়া গ্রাহকদের মালামালও ছিল। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জ্ঞান ফিরলেও কথা বলতে পারছেন না।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত