Ajker Patrika

২০ টাকার টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইয়ে চোখ হারানো বারেকের

নেত্রকোনা প্রতিনিধি
২০ টাকার টোল নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাইয়ে চোখ হারানো বারেকের
নিহত জুলাইযোদ্ধা আব্দুল বারেক। ছবি: সংগৃহীত

নেত্রকোণার মদনে পৌর এলাকায় টোল আদায় নিয়ে সিএনজিচালক ও টোল আদায়কারীর মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৭০) নামের এক জুলাইযোদ্ধা নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার চানগাঁও এলাকায় কেন্দুয়া-মদন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত জুলাইযোদ্ধা আব্দুল বারেক চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে চোখ হারিয়েছিলেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। তিনি মদন পৌর এলাকার বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মদন পৌরসভার যানবাহন থেকে টোল আদায়ের ইজারা নিয়েছেন মুফতি রায়হান আহমেদ। তবে নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে পৌরসভার বাইরে বিভিন্ন স্থানে গাড়ি আটকে টোল আদায় করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

সোমবার দুপুরে ময়মনসিংহ থেকে সিএনজিচালিত অটোরিকশায় মদনে ফিরছিলেন বারেক। পথে চানগাঁও এলাকায় টোল আদায় করছিলেন আতিকুল। সেখানে টোল আদায় নিয়মবহির্ভূত হলেও সিএনজিচালক রায়হান নির্ধারিত ২০ টাকা দিতে রাজি হন। তবে খুচরা টাকা না থাকায় এক হাজার টাকার নোট দিলে আতিকুল বাকি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। বাকি টাকা চাইলে চালককে মারধর শুরু করেন তিনি।

এ সময় চালককে বাঁচাতে এগিয়ে যান যাত্রী বারেক। একপর্যায়ে আতিকুল তাঁকেও কিল-ঘুষি মারেন। এতে পাশের ড্রেনে পড়ে যান বারেক। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত আতিকুলকে আটক করে পুলিশ।

সিএনজিচালক রায়হান বলেন, ‘আমি ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে মদন আসছিলাম। চানগাঁও এলাকায় আমার গাড়ি আটকে ২০ টাকা টোল চাওয়া হয়। খুচরা টাকা না থাকায় এক হাজার টাকার নোট দিই। বাকি টাকা ফেরত চাইতেই আমাকে মারধর শুরু করে। গাড়ির যাত্রী বারেক আমাকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁকেও মারধর করে। পরে আহত ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাই।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক এম এ কাদের বলেন, ‘আমি কিছুদিন আগে এখানে যোগদান করেছি। পৌরসভার টোল ইউনিয়ন পর্যায়ে আদায় করা হচ্ছে, তা আমার জানা নেই। এ ব্যাপারে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বক্তব্য জানতে ইজারাদার রায়হান আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত