Ajker Patrika

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার
দুর্গাপুরে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভায় ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে স্বার্থবিরোধী একটি মহল বিদেশে বসে ষড়যন্ত্র করছে। গার্মেন্টস শিল্পসহ দেশের বিভিন্ন খাতকে অস্থিতিশীল করা এবং সন্ত্রাসবাদ কায়েমের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।

আজ সোমবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান পরিস্থিতি ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে ডেপুটি স্পিকার বলেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা বিদেশে পালিয়ে গেছেন, তাঁদের সন্তান কিংবা আত্মীয়স্বজন কেউ বাংলাদেশে নেই। ৫ আগস্টের আগেই তাঁরা দেশ ছেড়েছেন। এখন তাঁরা সম্মিলিতভাবে সাধারণ মানুষের সন্তানদের আবারও বলি দেওয়ার চেষ্টা করছেন। গার্মেন্টস শিল্পে তাঁদের কোনো স্বজন চাকরি না করলেও এই গুরুত্বপূর্ণ শিল্পকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন তিনি।

সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সেখানে তাঁদের সমর্থক দোকানদারদেরও রেহাই দেওয়া হয়নি। আন্দোলনের নামে শত শত গাছ কেটে ফেলা হয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, গাছের কী দোষ?’

এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস নিয়ে সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান ডেপুটি স্পিকার।

নির্বাচনে পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পোলিং এজেন্টদের দায়িত্ব ছিল অত্যন্ত পবিত্র। গণতন্ত্রবিহীন বাংলাদেশে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের দায়িত্বশীল ভূমিকার ফলেই বাংলাদেশ আজ একটি নির্বাচিত ও গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। এ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত