Ajker Patrika

সুপারিবাগানে ঢোকায় তিন ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 
সুপারিবাগানে ঢোকায় তিন ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ, মৃত ছাগল নিয়ে থানায় মালিক
মৃত ছাগলগুলো নিয়ে থানায় হাজির হন ভুক্তভোগী ছাগলের মালিক। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সুপারিবাগানে ঢুকে পড়ার অভিযোগে তিনটি ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর কাছে প্রতিকার না পেয়ে মৃত ছাগলগুলো নিয়ে থানায় হাজির হন ভুক্তভোগী ছাগলের মালিক এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতে দুর্গাপুর থানায় অভিযোগটি দায়ের করেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামের বাসিন্দা মো. ছাইদুল ইসলাম (৪৫)। এর আগে বিকেলে একই গ্রামে ঘটনাটি ঘটে। এতে তাঁর প্রায় ৩৫-৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ছাইদুল ইসলামের আটটি ছোট-বড় ছাগল বাড়ির উত্তর পাশে একটি সুপারিবাগানের কাছাকাছি ঘাস খেতে যায়। ওই সময় বাগানে কাজ করছিলেন একই গ্রামের কয়েক ব্যক্তি। অভিযোগ রয়েছে, বিকেলের দিকে কাজ শেষে তাঁরা ছাইদুল ইসলামের বাড়িতে গিয়ে ছাগলগুলো আবার বাগানে প্রবেশ করলে সেগুলো আর জীবিত থাকবে না বলে হুমকি দেন।

এর কিছু সময় পর ছাইদুল ইসলাম ও তাঁর স্ত্রী আজুফা খাতুন ছাগলগুলোকে বাড়িতে আনার জন্য বাগানে গেলে দুটি পাঁঠি ছাগল ও তিন মাসের গর্ভবতী একটি ছাগলকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ছাগলের মালিক ছাইদুল ইসলাম বলেন, ‘ছাগলগুলোই ছিল আমাদের সংসারের অন্যতম অবলম্বন। গ্রামবাসীর কাছে বিচার চেয়েও কোনো সুরাহা পাইনি। তাই মৃত ছাগলগুলো নিয়ে থানায় এসে অভিযোগ করেছি।’

ভুক্তভোগীর স্বজন রমজান আলী বলেন, ‘আমার বোনের জামাই অটোরিকশা চালিয়ে এবং বোন ছাগল-মুরগি পালন করে সংসার চালান। আমরা সঠিক বিচার পাওয়ার আশায় থানায় এসেছি।’

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত অমানবিক। আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত