ব্যবসায়ীকে আটকে রেখে ৩ লাখ টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক ব্যবসায়ীকে চার-পাঁচ ঘণ্টা আটকে রেখে ১২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতা ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ সময় ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল কাদের। এ ঘটনায় শুক্রবার (১৩ নভেম্বর) রাতে তিনি ৯ জনের নাম উল্লেখ করে আরও সাত-আটজনকে অজ্ঞাতনামা আসামি করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা বিলে একটি সেতুর মুখে শুঁটিজাল বসিয়ে মাছ ধরছিলেন স্থানীয় ছাত্রদল নেতা বাবুল হোসেন। খবর পেয়ে গত মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে শুঁটিজাল উচ্ছেদ করে। একই সঙ্গে চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সেতুটি সরকারি সড়কের ওপর অবস্থিত হলেও শুঁটিজাল বসানো জমিটি তেবাড়িয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল কাদেরের বলে জানা গেছে। তিনি জোনাইল পাগলা বাজারে ব্যবসা করেন এবং সেখানে বসবাস করেন।
অভিযোগকারী আব্দুল কাদেরের দাবি, শুঁটিজাল উচ্ছেদের ঘটনায় বাবুল হোসেন তাঁকে সন্দেহ করেন। উপজেলা প্রশাসনকে খবর দিয়ে অভিযান পরিচালনায় সহযোগিতা করার অভিযোগ তুলে তাঁকে আটক করা হয় এবং ক্ষতিপূরণের নামে ১২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। পরে চার-পাঁচ ঘণ্টা আটকে রেখে বাড়ি থেকে লোক মারফত তিন লাখ টাকা এনে দিতে বাধ্য করা হয়। আরও এক লাখ টাকা দেওয়ার জন্যও তাঁর কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন—জোনাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাবুল হোসেন (৩০), সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (৩২), কর্মী জাহিদুল ইসলাম (৩০), সুজন মিয়া (২৮), বিএনপি নেতা আফসার আলী (৫৫), রফিক সরকার (৪৫), আস্তল আলী (৩০), রুবেল হোসেন (৩০) ও জোবায়ের হোসেন (৩৫)। অভিযোগে তাঁদের সবাইকে জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের অনুসারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল কাদের অভিযোগ করে বলেন, ‘জোনাইল পাগলা বাজার ও চামটা বিলে আমার জায়গা-জমি রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সারা দিন চামটা বিলে শুঁটিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। ওই দিন দুপুরে চামটা বিলের জমি থেকে বাড়ি ফেরার পথে চামটা গ্রামের আফসার আলীর বাড়ির পাশের আমবাগান থেকে বাবুল হোসেন ও তাঁর লোকজন আমাকে তুলে চামটা বিলে নিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘সেখানে বিএনপির নেতা-কর্মীরা প্রশাসনকে আমি খবর দিয়েছি বলে অভিযোগ করেন। একপর্যায়ে আমার কাছে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন তাঁরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমাকে মারধর করা হয়। পরে চার থেকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর লোক মারফত বাড়ি থেকে তিন লাখ টাকা এনে তাঁদের দিই। আরও এক লাখ টাকা দেওয়ার জন্যও আমার কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়। ওই সময় বাবুল হোসেন ও আফসার আলীসহ কয়েকজন উপস্থিত ছিলেন। আফসার আলী আমার হাত থেকে টাকা নিয়েছেন। এ বিষয়ে মুখ খুললে কিংবা থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।’
তবে অভিযোগ অস্বীকার করে আফসার আলী বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। কোথায় কী ঘটেছে, তা-ও আমার জানা নেই।’
অভিযুক্ত ছাত্রদল নেতা বাবুল হোসেন বলেন, তাঁকে সন্দেহ করা হয়েছিল। কিন্তু তিনি জড়িত না থাকায় আত্মীয়স্বজন এসে তাঁকে নিয়ে গেছেন। কোনো টাকা-পয়সা লেনদেন হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ঘটনাটি বিব্রতকর। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









