
৬০ বছরের সাজেদা বেগম ও তাঁর ৪০ বছর বয়সী মেয়ে সোনাভান—দুজনই স্বামী পরিত্যক্তা। জীবনের প্রয়োজনে নিরুপায় হয়ে তাঁরা বেছে নিয়েছেন পিঠা বিক্রির পেশা। শীতের পিঠা বিক্রি করে চলছে মা-মেয়ের সংসার।
নাটোরের গুরুদাসপুর পৌর সদরের আনন্দনগর মহল্লার বাসিন্দা এই মা-মেয়ে। মহল্লার মোড়ে বসে তাঁদের ভ্রাম্যমাণ পিঠার দোকান। পথচারীসহ নানা বয়সী মানুষ এখানে পিঠা কিনলেও শিশুদের ভিড় বেশি।
সাজেদা বেগম জানান, একসময় তাঁর সুখের সংসার ছিল। তবে শ্বশুরবাড়ির লোকজনের ছেলেসন্তানের প্রত্যাশা পূরণ না হওয়ায় অশান্তি শুরু হয়। মেয়ে সোনাভানের জন্মের এক বছরের মধ্যেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর শিশুসন্তানকে নিয়ে তিনি চরম সংকটে পড়েন। অন্যের বাড়ি ও খেতখামারে কাজ করে মেয়েকে বড় করেছেন।
কিন্তু সোনাভানের সংসারও বেশি দিন টেকেনি। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় তাঁর সংসার ভেঙে যায়। শেষ পর্যন্ত জীবন-জীবিকার তাগিদে মা-মেয়ে দুজনই পিঠা বিক্রির পেশায় নামেন। শীতের মৌসুমের প্রায় চার মাস এই পিঠা বিক্রির আয়ে তাঁদের সংসার চলে।
সম্প্রতি গিয়ে দেখা যায়, মহল্লার মোড়ে সাজেদার চুলা জ্বলছে। চুলায় বসানো হাঁড়িতে গরম হচ্ছে পানি, আর সেই পানির ভাপে সেদ্ধ হচ্ছে ভাপা পিঠা। পাঁচ টাকায় প্রতিটি ভাপা পিঠা পেতে চুলার সামনে ভিড় করছে শিশুরা। কেউ দাঁড়িয়ে, কেউ বসে শীতের সকালে গরম পিঠার স্বাদ নিচ্ছে। আবার কেউ কেউ বাসার জন্য প্যাকেট করে নিয়ে যাচ্ছে।
সাজেদা জানান, ঢেঁকিছাঁটা চালের গুঁড়ার সঙ্গে খেজুরের গুড় মিশিয়ে গরম পানির ভাপে তৈরি হয় ভাপা পিঠা। আর চালের গুঁড়ার সঙ্গে পানি মিশিয়ে মণ্ড তৈরি করে মাটির তাওয়ায় ঢাকনা দিয়ে নির্দিষ্ট সময় রাখলেই তৈরি হয় চিতই পিঠা। চিতই পিঠার সঙ্গে ধনেপাতা, কালিজিরা, সরিষা বাটা, কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে তৈরি ভর্তা দেওয়া হয়, যা পিঠার স্বাদ বাড়িয়ে দেয়।
তিনি জানান, প্রতিদিন ৩ থেকে ৫ কেজি চালের গুঁড়ার পিঠা তৈরি করেন। চালের গুঁড়া, খেজুরের গুড়, জ্বালানি ও অন্যান্য উপকরণ বাবদ দৈনিক খরচ পড়ে প্রায় ৮০০ টাকা। গড়ে প্রতিদিন বিক্রি হয় দেড় হাজার টাকার পিঠা। খরচ বাদে লাভ থাকে ৫০০ থেকে ৭০০ টাকা। এতে মোটামুটি ভালোভাবেই সংসার চলছে। এ কাজে মেয়ে সোনাভান সব সময় সহযোগিতা করেন।
পিঠা খেতে আসা যুবক মুন্না বলেন, ‘বাড়িতে সব সময় পিঠা বানানো সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে এখান থেকে পিঠা খাই। নিজে খাই, আবার পরিবারের জন্যও নিয়ে যাই। এখানে প্রতিটি পিঠা মাত্র পাঁচ টাকায় পাওয়া যায়।’
সাজেদা বেগমের মতো শীতের মৌসুমে উপজেলার বিভিন্ন হাটবাজার ও সড়কের মোড়ে পিঠা তৈরি করে বাড়তি আয় করছেন অনেকে। অস্থায়ী এসব দোকানে সকাল ৬টা থেকে ৯টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠা বিক্রি হয়। রস পিঠা, ঝাল পিঠা ও তেলে ভাজা পিঠা বিক্রি হলেও চিতই ও ভাপা পিঠার চাহিদাই সবচেয়ে বেশি।
খুবজীপুর এম হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান বেলাল হোসেন বলেন, শীত ও পিঠা বাঙালির ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। শীতের পিঠা বাঙালির অন্যতম প্রিয় খাবার। কর্মব্যস্ত মানুষের পক্ষে বাড়িতে পিঠা তৈরির সময় বের করা কঠিন। তাই পথের ধারের এসব পিঠার দোকানই অনেকের জন্য শীতের পিঠা উপভোগের সহজ ও উপযুক্ত স্থান।

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুরে ডাকাতির চেষ্টা ও গৃহবধূকে গুলিবিদ্ধ করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শিবের বাজারে ক্ষুব্ধ এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় আয়শা সিদ্দিকা জ্যোতি (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জ্যোতি উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর ওকরাবাড়ি এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীনের মেয়ে। সাত বছর আগে পাকুড়িয়া শরীফ এলাকার মৃত জহুরুল হকের ছেলে শহিদুল ইসলাম লেবুর সঙ্গে তাঁর বিয়ে হয়।
৭ মিনিট আগে
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন করে বিপাকে পড়েছেন মো. অপু মিয়া। একই দিনে দুই ঘণ্টার ব্যবধানে তাঁর মুঠোফোনে প্রথমে ‘সংশোধনের প্রয়োজন’ এবং পরে ‘আবেদন বাতিল’—সংক্রান্ত দুটি এসএমএস আসে। আবেদন বাতিলের কারণ হিসেবে আগের একটি পাসপোর্টের তথ্য গোপনের কথা জানানো হলেও...
১২ মিনিট আগে
বরিশালের গৌরনদী উপজেলার রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এক ছাত্রকে মারধর, কান ধরে ওঠবস করানো এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিপন শরীফ (৪৪) নামের এক অভিভাবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২০ মিনিট আগে