নরসিংদীর বাবু হত্যা মামলা: প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার পিস্তল ও ৮ রাউন্ড গুলি

নরসিংদীতে আব্দুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার পলাতক প্রধান আসামি ও চিহ্নিত সন্ত্রাসী আবুলালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ বেলা ১টার দিকে নরসিংদী মডেল থানার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামি আবুলালকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২ অক্টোবর আব্দুল্লাহ ওরফে বাবু হত্যাকাণ্ডের ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি আবুলাল আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান চালানো হয়। তবে বারবার অবস্থান পরিবর্তন করায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না।
সর্বশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ও নরসিংদী মডেল থানা-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুলালের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।
গ্রেপ্তার আবুলালকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।









