
শুরুটা ছিল কেবল শখের বশে। ১০০ থেকে ২০০ করে টাকা জমিয়ে আড়াই হাজার টাকায় কিনেছিলেন পাঁচটি সিল্কি মুরগি। সেই মুরগি থেকে বাচ্চা উৎপাদন ও বিক্রি করে এতটাই লাভ হয়েছিল যে, এখন তাঁর খামারে ২২ প্রজাতির কয়েক শ মুরগি রয়েছে।
বলছিলাম স্কুলশিক্ষক মোবারক হোসেনের কথা। মাত্র চার বছর আগে নরসিংদীর রায়পুরা উপজেলা পৌর শহরের শ্রীরামপুর এলাকার এই বাসিন্দা পাঁচটি সিল্কি মুরগি দিয়ে খামার শুরু করেন। আর আজ সেখানে গেলে দেখা যায়, ‘মোল্লা এগ্রো ফার্ম’ নামের বিশাল দেশি-বিদেশি মুরগির খামার। অনলাইন ও অফলাইনে মুরগি বিক্রি করে তিনি প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করছেন।
বসতঘরের পেছনের পরিত্যক্ত নিচু জমিতে মাচা তৈরি করে খামারটি গড়ে তোলা হয়েছে। সেখানে বিশ্বের অন্যতম বৃহৎ জাতের কলম্বিয়ান লাইট ব্রাহমা ও ক্ষুদ্রাকৃতির মালয়েশিয়ান সেরামা মুরগি রয়েছে।
খামারটিতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, চীন, মালয়েশিয়া, ভারত ও জাপানের বিভিন্ন প্রজাতির মুরগি পালন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সিল্কি, গোল্ডেন সেব্রাইট, সিলভার সেব্রাইট, বাফ সেব্রাইট, অস্ট্রালর্প, কাদাকনাথ, পুলিশ ক্যাপ, হোয়াইট ফ্রিজেল পুলিশ ক্যাপ, পাহাড়ি লাইজ্জাসহ ২২ প্রজাতির কয়েক শ মুরগি। এ ছাড়া বিশেষ জাতের কোয়েল পাখিও রয়েছে।
মোবারক হোসেন শুধু মুরগি পালনেই সীমাবদ্ধ নন। ইনকিউবেটর মেশিনের মাধ্যমে নিজেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন। একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিনি এই খামার পরিচালনা করছেন।
উদ্যোক্তা মোবারক হোসেন বলেন, ‘চার বছর আগের শখই আজ আমার দুটি খামারে পরিণত হয়েছে।’
মোবারক হোসেন আরও বলেন, ‘শিক্ষিত বেকার যুবকদের জন্য শৌখিন ও উন্নত জাতের মুরগি পালন হতে পারে লাভজনক কর্মসংস্থানের একটি মাধ্যম। যাঁরা আগ্রহী, তাঁরা আমার খামারে এসে দেখতে পারেন। প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে আমি প্রস্তুত।’
খামারটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত বেকার যুবকেরা আসছেন। অনেকেই আধুনিক খামার ব্যবস্থাপনা ও মুরগি পালনের কৌশল সম্পর্কে জেনে নিজেরা খামার তৈরিতে আগ্রহ প্রকাশ করছেন।
খামারে আসা সিপন মিয়া বলেন, ‘এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। একসঙ্গে এত বিদেশি জাতের মুরগি আগে কোথাও দেখিনি। মোবারক হোসেন আমাদের এলাকার একজন স্বপ্নবাজ উদ্যোক্তা। তাঁর সাফল্য দেখে আমিও ভবিষ্যতে এমন একটি খামার গড়ার কথা ভাবছি।’
আরেক দর্শনার্থী জুবায়েদ বলেন, ‘খামারটি ঘুরে দেখে মুগ্ধ হয়েছি। জীবনে এত প্রজাতির মুরগি একসঙ্গে দেখিনি। মোবারক ভাইয়ের খামার দেখে অনুপ্রাণিত হয়েছি। তাঁর পরামর্শ নিয়ে আমিও খামার করার পরিকল্পনা করছি।’
রায়পুরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘স্কুলশিক্ষক মোবারক হোসেন ২০ থেকে ২৫ প্রজাতির বিদেশি মুরগি পালন করছেন। এসব মুরগি অনলাইন ও অফলাইনে বিক্রি করে তিনি লাভবান হচ্ছেন। তাঁর খামার দেখে অনেকেই মুরগি পালনে আগ্রহী হচ্ছেন, যা বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে পারে। প্রাণিসম্পদ বিভাগ থেকে খামারিদের নিয়মিত পরামর্শ, কৃমিনাশক ও ভ্যাকসিন সেবা দেওয়া হচ্ছে।’
স্থানীয় বাসিন্দাদের মতে, শখ থেকে শুরু করে সফল উদ্যোক্তা হয়ে ওঠা মোবারক হোসেনের এই উদ্যোগ রায়পুরায় বিকল্প কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।
৫ মিনিট আগে
গাজীপুরের পুবাইলে ঢাকা বাইপাস সড়কের চামুড্ডা এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী সাফোয়ান হোসেন নিহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা জুয়েল রানা ও মা সুরাইয়া আক্তার রুপা।
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার কলারোয়ায় মেহেদী হাসান (৩২) নামে এক মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি মোবাইল ফোন টাওয়ারের পাশের ডোবা থেকে আজ শুক্রবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় অজিত বাবু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় মাইক্রোবাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে