
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ‘ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড’ নামক পোশাক কারখানায় টানা দুই দিন ধরে নারী শ্রমিকদের আকস্মিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ‘ভূতের আসর’ বা ভীতি থেকে এমনটি ঘটছে বলে শ্রমিকদের মধ্যে গুঞ্জন ছড়ালেও কারখানা কর্তৃপক্ষ ও বেপজা কর্মকর্তারা একে মনস্তাত্ত্বিক আতঙ্ক বা অন্য কোনো রহস্যজনক কারণ হিসেবে দেখছেন।
আজ রোববার সকালে শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পর পুনরায় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে আজকের দিনের জন্য পুরো কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছ কর্তৃপক্ষ।
কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানার নতুন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় কর্মরত নারী শ্রমিকেরা একে একে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকের সংখ্যা শতাধিক হলে নির্ধারিত সময়ের আগেই রাত সাড়ে ৭টার দিকে কারখানা ছুটি ঘোষণা করা হয়। অসুস্থ শ্রমিকদের ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শ্রমিকেরা জানান, আজ সকালে আবারও কাজে যোগ দেওয়ার পর কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, গতকাল শনিবার এক নারী শ্রমিক কারখানায় ‘ভূত’ দেখেছেন বলে দাবি করেন। এরপর তিনি অস্বাভাবিক আচরণ করে অসুস্থ হয়ে পড়েন। পরে একে একে আরও কয়েকজন শ্রমিক অসুস্থ হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কারখানার এক পুরুষ শ্রমিক বলেন, আজ সকালে কাজে যোগ দেওয়ার সময়ও একে একে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের বেপজা হাসপাতালে নেওয়া হয়।
ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) বিল্লাল হোসেন বলেন, ‘আজ প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে এসেছিলেন। অনাকাঙ্ক্ষিতভাবে ১৫ থেকে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমরা আজকের জন্য কারখানা ছুটি দিয়ে দিই।’

শ্রমিকদের ভূত দেখার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রমিকেরা অনেকে ভূত দেখেছেন বলে বলছেন। তাঁদের এ কথা বলা তো আর বন্ধ করতে পারি না। তবে আমরা সচেতন মানুষ হিসেবে ভূতের বিষয়টি কীভাবে বিশ্বাস করব? অসুস্থতার ঘটনাও কোনো একটি নির্দিষ্ট স্থানে হচ্ছে না, কারখানার বিভিন্ন স্থানে হচ্ছে। মূলত কী কারণে তাঁরা অসুস্থ হচ্ছেন, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।’
বিল্লাল হোসেন আরও বলেন, শ্রমিকদের গরমে যাতে সমস্যা না হয়, সে জন্য কারখানায় শীতাতপনিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা রয়েছে।
আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন বলেন, আজও পাঁচ থেকে সাতজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসরিন আরও বলেন, ‘ইডি স্যারসহ আমরা কারখানাটি সরেজমিনে পরিদর্শন করেছি। সকাল থেকেই আমি সেখানে উপস্থিত ছিলাম। কারখানায় গিয়ে দমবন্ধ হয়ে যাওয়া বা শ্বাসরোধ হওয়ার মতো তেমন কিছু চোখে পড়েনি।’
শ্রমিকদের ভূত দেখার দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রমিকেরা ভূতের কথা বলছেন। তবে এটা সচেতনভাবে বোঝার বিষয়। আসলে কী কারণে শ্রমিকেরা অসুস্থ হচ্ছেন, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি আমরা। পরিস্থিতি বিবেচনায় আজ কারখানাটি বন্ধ রাখা হয়েছে।’

প্রশাসনের অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ না করার নির্দেশনা দেওয়া হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বুধবার ‘আর্তনাদ’ নামে আরেকটি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এর আগে ছাত্রজনতার অভ্যুত্থানের স্মরণে ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছিল...
২ ঘণ্টা আগে
গাইবান্ধা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়লেও আলাদা ওয়ার্ডের ব্যবস্থা নেই। ফলে হাসপাতালটিতে ডেঙ্গু ও সাধারণ রোগীরা একসঙ্গে চিকিৎসা নিচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও স্বজনদের ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি বাড়ছে।
৩ ঘণ্টা আগে
নোয়াখালীর হাতিয়ায় দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত চেয়ারম্যান ঘাট মেঘনা নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে ঘাটের একটি অংশ নদীতে ধসে পড়েছে। এখন ভাঙছে মূল বাজারের অংশ। এ পরিস্থিতিতে স্থানীয় ব্যবসায়ীরা ভাঙনের আতঙ্কে দিন পার করছেন।
৩ ঘণ্টা আগে
চিঠি লেখা ও আদান-প্রদানের দিন আর নেই। মোবাইল ফোন, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের বিস্তারে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমেছে। তাই চিঠি পরিবহনে আগের মতো ব্যবস্থা নেই ডাক বিভাগের। এই বাস্তবতায় চিঠির বদলে এখন পণ্য পরিবহনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।
৪ ঘণ্টা আগে