
ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্কুলসহ ১৪টি ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনগুলোর দেয়াল, সিঁড়ি ও কলামে বড় ধরনের ক্ষতি হয়েছে। কয়েকটি ভবন দৃশ্যমানভাবে হেলে পড়েছে বলে জানান বাসিন্দারা। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। মাত্রা ছিল ৫ দশমিক ৭।
স্থানীয়দের সূত্রমতে, উপজেলার পাইনাদি নতুন মহল্লায় দুটি, মুক্তিনগর টায়ার মার্কেট গলিতে একটি, নিমাইকাশারি এলাকায় একটি, হিরাঝিল আবাসিক এলাকায় তিনটি, রনি সিটিতে দুটি, কলসি বিল্ডিং এলাকায় একটি, ভূমিপল্লিতে একটি, আটি হাউজিং এলাকার ৫ নম্বর রোডে দুটি এবং ২ নম্বর রোডে একটি ভবনে ফাটল দেখা গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হতেই ভবনগুলো তীব্রভাবে দুলতে থাকে। এতে আতঙ্কিত বাসিন্দারা দ্রুত ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন। কিছু ভবন সামান্য হেলে গেছে।
সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভবনের নিচতলায় বড় ধরনের ফাটল দেখা গেছে। ঘটনার পর ফাটল দেখতে সাধারণ মানুষ ভিড় করেন।
স্কুলের ইংলিশ মিডিয়াম শাখার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, ‘আজ বৃত্তি পরীক্ষা চলাকালে ভূমিকম্পে ভবন কেঁপে ওঠে। এ সময় স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে ছাত্রছাত্রীদের নিরাপদে নিচে নামিয়ে আনি। কেউ আহত হয়নি। তবে ভবনের সামনে একটি দেয়ালে বড় ফাটল দেখা দিয়েছে।’
অভিভাবক রাজু আহমেদ বলেন, ‘সকালে আমার ছেলে এখানে বৃত্তি পরীক্ষা দিতে আসে। ভূমিকম্প শুরু হলে তাৎক্ষণিকভাবে স্কুলের শিক্ষকেরা ছাত্রছাত্রীদের বের করে দেন। তবে বাচ্চারা একটু ভয় পেয়েছে, আর স্কুল ভবনে একটি বড় ফাটল দেখা দিয়েছে।’
পাইনাদি নতুন মহল্লার ফয়সাল বলেন, ‘আমাদের এলাকার মসজিদের সামনে একটি ভবনে বেশ বড় ফাটল ধরেছে এবং নিচতলায় একটি থাইয়ের দোকানে কিছু গ্লাস ভেঙে গেছে।’
টায়ার মার্কেট এলাকার সুমন বলেন, ভূমিকম্পের পর টায়ার মার্কেটের পেছনের বাড়িতে বড় ফাটল ধরেছে এবং এই বাড়ির ভেতরে কিছু টাইলস উঠে গেছে।
ভূমিপল্লি এলাকার তামান্না বলেন, ‘আমাদের এই আবাসিক এলাকায় একটি ভবনে ফাটল ধরেছে, তবে কারও কোনো ক্ষতি হয়নি।’
সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার সোলেমান বলেন, ‘আমাদের এখানে একটি ভবন আরেকটি ভবনের ওপর হেলে পড়েছে। এতে এখন দুটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রশাসনের উচিত ঝুঁকির মাত্রা যাচাই করে এলাকাবাসীকে সচেতন করা।’
জানতে চাইলে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাইনি। তবে সিদ্ধিরগঞ্জ এলাকায় স্কুলসহ বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে এবং দুটি ভবন হেলে পড়ার খবর পেয়েছি। আদমজী ও শিমরাইল ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। এখন তদন্ত করে বাকি পদক্ষেপ নেওয়া হবে।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে এবং দুটি ভবন হেলে পড়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। মূলত এসব প্রাকৃতিক দুর্যোগের কাজ হলো ফায়ার সার্ভিসের, তবুও ঘটনাস্থলগুলোতে পুলিশ কাজ করছে।’

ঈদুল আজহার সরকারি ছুটি শেষ হলেও আজ শনিবার থেকে পোশাক কারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। এ কারণে গতকাল শুক্রবার মানিকগঞ্জের পাটুরিয়া-আরিচা নৌপথ ও সংযোগ সড়কে কর্মস্থলমুখী মানুষের চাপ বেড়ে যায়।
১৫ মিনিট আগে
খাগড়াছড়ির প্রতিটি উপজেলা কৃষিনির্ভর জনপদ। এখানে গ্রীষ্মকালীন ফল আম্রপালির পাশাপাশি বিদেশি বিভিন্ন জাতের সুস্বাদু আম চাষের খ্যাতি রয়েছে। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় পার্বত্য জেলাটিতে কাঁঠাল, লিচু, আনারসও ভালো উৎপাদিত হচ্ছে।
৩০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২ ঘণ্টা আগে
রাত ১১টা ২৫ মিনিটের দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় একটি কনটেইনারের ভেতর ও পাশে আগুনের সূত্রপাত দেখা যায়। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও সংলগ্ন বিমানবাহিনীর ঘাঁটি থেকে আসা সদস্যদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে...
২ ঘণ্টা আগে