নড়াইলের লোহাগড়ায় বাড়ির পাশে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের ছত্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বাড়ির পাশে সুপারি গাছ লাগানো নিয়ে হাসানুর শেখের সঙ্গে তাঁর চাচাতো ভাই হাসদেল শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসদেলের ছেলে মামুন শেখ ও আরমান শেখ দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর অভিযুক্ত মামুন ও আরমান পালিয়ে যান।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।’










