খাদ্যপণ্যে রং, ওজনে কম দেওয়ায় জরিমানা

নড়াইলে খাদ্যপণ্যে রং মেশানো ও ওজনে কম দেওয়ার অভিযোগে তিন বেকারি মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে মাহমুদা বেকারির মালিককে ২ হাজার টাকা, আল আমিন বেকারির মালিককে ২ হাজার টাকা এবং পদ্মা বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান জানান, অভিযানে খাদ্যপণ্যে রং মেশানো ও ওজনে কম দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে বেকারিগুলোকে সতর্ক করা হয়েছে।









