
নওগাঁর রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শ্রীদাম কুমার মণ্ডল (৪২) নামের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বৃহস্পতিবার বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও থানা-পুলিশ গিয়ে শিক্ষকদের মুক্ত করেন। এ ঘটনায় গতকাল রাত ৮টার দিকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। শিক্ষক শ্রীদাম কুমার মণ্ডল উপজেলার দেউলা মানিকহার উচ্চবিদ্যালয়ের কৃষি শিক্ষক ও নওগাঁর আত্রাই উপজেলার তিলাবুদুরী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ এপ্রিল দেউলা মানিকহার উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে এক ছাত্রীকে বিদ্যালয়ের কমনরুমে একা পেয়ে সহকারী শিক্ষক শ্রীদাম যৌন হয়রানি করেন। এরপর ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। পরে ঘটনা জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয় লোকজন শিক্ষাপ্রতিষ্ঠান ঘেরাও করে শিক্ষক শ্রীদাম মণ্ডলের বিচার দাবি করেন। একপর্যায়ে উত্তেজনা চরম আকার ধারণ করলে পরিস্থিতি সামাল দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও থানা-পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। সহকারী কমিশনার ওই শিক্ষকের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং শিক্ষকদের মুক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান অভিযুক্ত ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রাং বলেন, ‘বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার রাতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক শ্রীদাম কুমার মণ্ডলের মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন বলেন, ‘এর আগেও ওই শিক্ষক বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে অনুরূপ ঘটনা ঘটিয়েছিলেন এবং সেটা সে সময় ধামচাপা দেওয়া হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। ফলে এবার যেন এ ঘটনা ধামাচাপা দেওয়া না হয় এবং সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয়রা বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছিলেন। তবে শিক্ষক শ্রীদাম এদিন বিদ্যালয়ে ছিলেন না। পরে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা শান্ত হন এবং শিক্ষকদের মুক্ত করা হয়।’
ওই বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ‘ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শিক্ষক শ্রীদাম মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগামী রোববার তাঁর কাছে সাময়িক বরখাস্তের পত্র পাঠানো হবে। এ ছাড়া এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ জাল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
২০ মিনিট আগে
সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। আগামী ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দেওয়ার পর স্থানীয়দের একাংশ এটি বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ও প্রতিবাদ সভা করেছেন।
২৬ মিনিট আগে
খাগড়াছড়ি মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি যৌথ খামার গ্রামে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
আজ দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাদের ইপিজেডে বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে...
৩৯ মিনিট আগে