Ajker Patrika

ভেজাল সার-কীটনাশকের কারখানা সিলগালা, মালিকের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি
ভেজাল সার-কীটনাশকের কারখানা সিলগালা, মালিকের কারাদণ্ড
প্রতীকী ছবি

নওগাঁর মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে ‘এসডি এগ্রোভেট’ নামের একটি কারখানায় যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে দুই ভাইয়ের মালিকানাধীন ওই প্রতিষ্ঠানের দুই লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ শনিবার ভোর থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত উপজেলার শিবগঞ্জ বাজার ও শিবগঞ্জ দরিয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি, পুলিশের একটি টিম ও গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালতে রায় দেন মহাদেবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।

অভিযান শেষে অবৈধ কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে কয়েক টন নকল সার, কীটনাশক এবং ভেজাল পণ্য তৈরির বিভিন্ন ক্ষতিকর সরঞ্জাম ও রাসায়নিক জব্দ করে প্রশাসন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শিবগঞ্জ গ্রামের মোতার হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন। তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কারখানার অপর মালিক তাঁর ভাই মোহাম্মদ শাহিনুর আলম উপস্থিত না থাকায় বালাইনাশক আইন, ২০১৮-এর ৩১(১) ধারায় তাঁর স্ত্রী হাসনাত জাহান পাপিয়ার বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, প্রতিষ্ঠানটির বরুণ ও জৈব সার তৈরির অনুমোদন থাকলেও ছাইবার মেথিন এবং তেলাপোকা মারার চক তৈরির কোনো বৈধ কাগজপত্র তাঁরা দেখাতে পারেননি। তাঁদের অনুমোদিত পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার ল্যাবে পাঠানো হয়েছে।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, অভিযানে দুই লাখ টাকা জরিমানা ও একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থরক্ষায় এবং ভেজাল রোধে এমন অভিযান ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত