Ajker Patrika

রিয়াদে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির মরদেহ কাল দেশে আসছে

­­­নওগাঁ প্রতিনিধি
রিয়াদে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির মরদেহ কাল দেশে আসছে
সন্তানের মৃতদেহ একটু ছুঁয়ে দেখার আকুতি নিয়ে অপেক্ষায় বাবা-মা। ছবি: ফাইল ছবি

সন্তানের মৃতদেহ একটু ছুঁয়ে দেখার আকুতি নিয়ে অপেক্ষায় রয়েছেন বাবা-মা। গত ১৭ টি দিন যেন ১৭ টি বছরের সমান দীর্ঘ। তাঁদের সেই ব্যথাভরা অপেক্ষার অবসান হতে চলেছে। সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত নয়জন শ্রমিকের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার বিকেলে দেশে পৌঁছানোর কথা রয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।

বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইটে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। গতকাল মঙ্গলবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক চিঠির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

আত্রাই উপজেলার শনাক্ত সাতজন হলেন উদনপৈ গ্রামের মো. ফরিদ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তাঁর ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।

অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহও পৌঁছাবে একইসঙ্গে।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে প্রথম দফায় নয়জনের পরিচয় নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ। ডিএনএ পরীক্ষা সম্পন্ন না হওয়ায় বাকি সাতজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি। তাঁদের মরদেহ কবে দেশে ফিরবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন স্বজনেরা।

আত্রাই উপজেলার মধ্যবোয়ালী গ্রামের নিহত মিনহাজের মা পারুল বিবি বলেন, ‘হামার ছাওয়ালের লাশ নাকি শনাক্ত হয়নি, এজন্য পরে আসবে। সরকারের কাছে আবদার, হামার ছেলের লাশ য্যান দ্রুত নিয়ে আসে। শেষবারের মতো ছেলেটাক এক নজর দেখতে মন স্থির রাখতে পারোছি না।’

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, যাতে মরদেহগুলো বিনা খরচে আনা যায়। মরদেহ গ্রহণের জন্য স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার রাতের মধ্যে মরদেহগুলো নিজ নিজ গ্রামে পৌঁছাতে পারে।

মনিরুজ্জামান আরও বলেন, ‘শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান।’

দূতাবাস সূত্রে জানা গেছে, বাকি সাতজনের ডিএনএ মিললেই দ্রুত তাঁদের মরদেহ দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত