
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম আলতাফ উদ্দিন (৭০)। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা ধোপাজুরিতে এ ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আলতাফ উদ্দিন বানাইচিরিঙ্গি পাড়া এলাকার মৃত জাফর আলীর ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ৪০-৫০টি বন্য হাতির একটি পাল বানাইচিরিঙ্গিপাড়া ও ধোপাজুরি পাহাড়ের ঢালে অবস্থান করছে। সন্ধ্যা হলেই পাহাড়ি এলাকা বিশেষ করে পানিহাটা, বানাইচিরিঙ্গিপাড়া, রংগমপাড়া, মহিষলেডি, কড়ইতলী, গাবরাখালীসহ ধোবাউড়া পাহাড়ের ঢালে বিচরণ করে। খাদ্যের সন্ধানে নেমে আসে লোকালয়ে। হানা দেয় বোরো ধান ও সবজি খেতে। স্থানীয়রা ঢাকঢোল ও পটকা ফুটিয়ে এ সময় হাতি তাড়ানোর চেষ্টা করে ফল পাচ্ছেন না।
কৃষক আলতাফ উদ্দিন তাঁর বাড়ির ৪০০ মিটার দুরে ধোপাজুরি পাহাড়ের ঢালে আবাদ করা বোরো খেতের পাকা ধান কেটে খেতে স্তূপ আকারে রেখেছিলেন। গত রোববার রাতে তার বড় ছেলে হানিফকে নিয়ে কেটে রাখা ধান পাহারা দিতে খেতে যান। সাড়ে তিনটার দিকে কয়েকটি হাতি তাঁর খেতে আক্রমণ চালায়। এ সময় ছেলে হানিফ দৌড়ে নিরাপদ স্থানে চলে এলেও বাবা আলতাফ ফিরে আসতে পারেনি। হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে শরীরে আঘাত করে আহত করে। পরে হানিফের চিৎকারে স্থানীয়রা গিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় জয়রামকুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আক্কাস আলী শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক বছরে ধরে সীমান্ত এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছে। হাতির আক্রমণে মারা যাচ্ছে অনেক কৃষক। আমরা আর মৃত্যু চাই না। স্থায়ী সমাধান চাই।’
ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা লোকমান হাকিম আজকের পত্রিকাকে বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। ক্ষতিপূরণের জন্য নিহত কৃষকের পরিবারকে বন বিভাগের কাছে আবেদন করতে বলা হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ থেকে তিন লাখ টাকা সহায়তা করা হবে।
হালুয়াঘাট থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৩১ মিনিট আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
১ ঘণ্টা আগে