
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের নির্বাচনী মাঠে মূলত ধানের শীষ ও ঘোড়া প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মিটিং, মিছিল ও সমাবেশে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। পাশাপাশি নেতা-কর্মীদের মধ্যে চলছে বাগ্যুদ্ধ। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই সহিংসতা ও সংঘর্ষের আশঙ্কা বাড়ছে।
তবে এই ভোটযুদ্ধে অন্য প্রার্থীদের তেমন সক্রিয় ভূমিকা চোখে পড়ছে না। অনেকটা নীরবেই তাঁরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। পোস্টার না থাকায় অনেক ভোটার এখনো সব প্রার্থীকে চিনতে পারছেন না।
গৌরীপুরে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের সমর্থিত নেতা-কর্মীরা ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন তাঁরা। উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন। ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে শুরু থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরন। এর আগে ১ নম্বর মইলাকান্দা ইউনিয়ন পরিষদ ও গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় তাঁর রয়েছে নিজস্ব ভোটব্যাংক। নেতা-কর্মীদের চাঙা রাখতে নিয়মিত মিটিং, মিছিল ও সমাবেশ করছেন তিনি। তৃণমূল থেকে উঠে আসা এই তরুণ নেতা গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক (বহিষ্কৃত) আহ্বায়ক ছিলেন।
১০ দলীয় জোটের মনোনীত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বই প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো. আবু তাহের খান প্রবীণ নেতা হলেও গৌরীপুরে তাঁর দলের উল্লেখযোগ্য কর্মী-সমর্থক নেই। তবে জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ভোটব্যাংক রয়েছে এই আসনে। বাংলাদেশ খেলাফত মজলিসেরও কিছু সমর্থক আছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মুফতি শরিফুল ইসলাম নিয়মিত জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। চরমোনাই পীরের স্থানীয় ভক্তরা তাঁর প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্ক্সবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী এ কে এম আরিফুল হাসান দলীয় নেতা-কর্মীদের নিয়ে নীরবভাবেই প্রচারণা চালাচ্ছেন। স্বচ্ছ রাজনীতি ও পরিবর্তনের বার্তা নিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন।
ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা গ্রামের শহীদুল্লাহ বলেন, ‘ধানের শীষ আর ঘোড়া ছাড়া অন্যদের প্রচার-প্রচারণা তেমন দেখা যায় না। পোস্টার না থাকায় অনেক প্রার্থীকে এখনো চিনতে পারছি না।’
একটি সূত্র জানায়, এই আসনে ১৯৭৯ ও ১৯৯৬ সালে বিএনপি, ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টি এবং ১৯৯১, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়।
গৌরীপুরের সহনাটি ইউনিয়নের পাছার গ্রামের বাসিন্দা রাসেল মিয়া বলেন, ‘ধানের শীষ আর ঘোড়ার সমর্থকেরা সারাক্ষণ একে অপরের সমালোচনা করছে। প্রতিদিন ছোটখাটো ঝগড়া হচ্ছে, বড় সংঘর্ষের আশঙ্কা আছে।’
গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান জানান, উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬০৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৮ হাজার ৪৬৯ এবং নারী ১ লাখ ৪৬ হাজার ১৩৯ জন। ভোট গ্রহণের জন্য ৯২টি কেন্দ্রে ৫৩৮টি বুথ প্রস্তুত রয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, প্রার্থীদের মিটিং-মিছিল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এখন পর্যন্ত বড় কোনো সংঘর্ষ হয়নি। তবে ঝুঁকিপূর্ণ উপজেলা হিসেবে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৌরীপুরকে অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনটি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন। প্রয়োজনে আরও টিম মোতায়েন করা হবে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে কয়েকজনকে শোকজ করা হয়েছে।

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৫ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৫ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৬ ঘণ্টা আগে