Ajker Patrika

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর করার পরিকল্পনা হচ্ছে: বিমানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর করার পরিকল্পনা হচ্ছে: বিমানমন্ত্রী
বক্তব্য দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। ছবি: আজকের পত্রিকা

দেশে একটি নতুন আন্তর্জাতিক মানের বিমানবন্দর প্রয়োজন এবং সেটি ময়মনসিংহের ত্রিশালে স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

আজ রোববার (১১ অক্টোবর) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সংবর্ধনা উপলক্ষে নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দীর্ঘমেয়াদি ভাবনার কথা তুলে ধরে বিমানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা যেভাবে উন্নত হচ্ছে এবং বিকশিত হচ্ছে, তাতে মেধা অনুযায়ী ভবিষ্যতে এ দেশে ২০০টিরও বেশি উড়োজাহাজ থাকবে।’

৩৫টি নতুন উড়োজাহাজ ক্রয়ের পরিকল্পনার প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, এসব উড়োজাহাজ দেশে পৌঁছাতে ১০ বছরের মতো সময় লাগবে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে উড়োজাহাজগুলো আসা শুরু হবে এবং ২০৩৬ থেকে ২০৩৭ সাল পর্যন্ত দেশে পৌঁছাবে। বর্তমানের উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের চাহিদা মেটাতে এবং পরিবহন ব্যবস্থা সচল রাখতে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

বাংলাদেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও চীনের মতো দেশগুলোতে সরাসরি ফ্লাইট চালুর ওপর জোর দেন মন্ত্রী। একই সঙ্গে আন্তর্জাতিক আকাশপথে প্রয়োজনীয় স্লট নিশ্চিত করার বিষয়েও কাজ করার কথা বলেন তিনি।

এ ছাড়া পর্যটন খাতের বিকাশে নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা জানান মন্ত্রী। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন রশিদুজ্জামান মিল্লাত।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত