Ajker Patrika

পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ইউটিউবে, মিলছে সমাধানও

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৯: ৫৫
পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ইউটিউবে, মিলছে সমাধানও
ত্রিশাল উপজেলার নজরুল বালিকা উচ্চবিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

পরীক্ষার আগের রাতে ইউটিউবে প্রকাশ করা হচ্ছে প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সমাধানও। এভাবে চারটি পরীক্ষা হওয়ার পর পঞ্চম পরীক্ষায় ধরা পড়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। নির্ধারিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে ইউটিউবের প্রশ্নের মিল পাওয়ায় শেষ পর্যন্ত পরীক্ষা স্থগিত করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তা স্থগিত করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর থেকে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। আজ বেলা ১টায় অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গতকাল বুধবার রাতে ‘আবির মেন্টর’ নামের একটি ইউটিউব চ্যানেলে ওই পরীক্ষার প্রশ্নপত্রের ভিডিও আপলোড করা হয়। পরে নির্ধারিত পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল পাওয়া গেলে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানতে পেরে পরীক্ষা স্থগিত করেছি। প্রশ্নের মিল থাকার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ইউটিউবে পাওয়া গেছে—এমন তথ্য জানার পর প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়েছিলাম, প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নের মিল পাওয়া গেলে যেন পরীক্ষা স্থগিত রাখা হয়। একই সঙ্গে নতুন প্রশ্নপত্র তৈরি করে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হাসনাত জাহান খান বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা স্থগিত করেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়ার মতো পর্যাপ্ত সময় হাতে ছিল না।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আবির মেন্টর নামের ইউটিউব চ্যানেলটিতে আজকের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নপত্র ও নৈর্ব্যক্তিক প্রশ্ন গতকাল রাতেই সমাধানসহ প্রকাশ করা হয়েছিল। শুধু সর্বশেষ পরীক্ষার প্রশ্নই নয়, এর আগের চারটি পরীক্ষার প্রশ্নপত্রও পরীক্ষার আগের রাতে সমাধানসহ প্রকাশ করা হয়েছিল চ্যানেলটিতে।

বিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ১৯ নভেম্বর গণিত পরীক্ষার মধ্য দিয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়। এরপর ২২ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৩ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৪ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় অভিভাবকেরা। তাঁরা বলছেন, প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরীক্ষার আগেই প্রশ্ন কীভাবে ইউটিউবে প্রকাশ পেল, তা নিয়ে প্রশ্ন তুলে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, এর আগে অনুষ্ঠিত চারটি পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্তে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পাওয়া গেলে সেসব পরীক্ষাও নতুন করে নেওয়ার ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত