
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার ও নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. লুৎফর রহমান আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত অধ্যক্ষ আহমেদ শফিক স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা শাখার সভাপতি ও মহানগর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন আহমেদ শফিক।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে কলেজের গভর্নিং বডির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৫ জুলাই বেলা ১১টার দিকে নাসিরাবাদ কলেজ ময়মনসিংহের গভর্নিং বডির বিশেষ সভায় কলেজের অধ্যক্ষ আহমেদ শফিককে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বরখাস্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা ৮ জুলাই থেকে কার্যকর হবে। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষকদের চাকরির শর্তাবলি রেগুলেশন (সংশোধিত) ২০১৯-এর ৪ নম্বর ধারার (ক)-এর ২.(i) উপধারা মোতাবেক কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. লুৎফর রহমান আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব (আর্থিক ও প্রশাসনিক) প্রদান করা হয়েছে, যা আগামী ৮ জুলাই তারিখ থেকে কার্যকর হবে।’
সূত্র জানায়, নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিকের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচার ও নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় গঠিত তদন্ত ও অডিট কমিটি এর সত্যতাও পায়। তবে কমিটি এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
কলেজ সূত্র জানায়, আহমেদ শফিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তাঁর অপসারণ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। পরে তাঁর অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে তদন্তের জন্য ২০২৪ সালের ৭ অক্টোবর ময়মনসিংহের সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। তৎকালীন বিভাগীয় কমিশনার ছিলেন উম্মে সালমা তানজিয়া।
তদন্ত কমিটি এক মাস তদন্ত করে আহমেদ শফিকের বিরুদ্ধে ভুয়া বিল-ভাউচারে মাসের পর মাস টাকা উত্তোলন, কলেজ ফান্ডের আড়াই কোটি টাকা আত্মসাৎ, নিয়োগে স্বজনপ্রীতি এবং বাণিজ্যের প্রমাণ পায়। নিয়মনীতির তোয়াক্কা না করে আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে তিনি এসব করেন।
পরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান আকন্দকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট অভ্যন্তরীণ নিরীক্ষা (অডিট) কমিটি গঠন করে দেন।
এই কমিটি ২০১২-১৩ থেকে ২০২৩-২৪ মোট ১২ অর্থবছরের অডিট কার্যক্রম সম্পন্ন করে ব্যাপক অনিয়ম পায়। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে ২৬টি বিলে ৬ লাখ ৩০ হাজার ৮৮০ টাকা উত্তোলনে অধ্যক্ষের একক স্বাক্ষর, ভুয়া ভাউচার এবং নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত টাকা উত্তোলনের সত্যতা পায়।
একইভাবে ২০২০-২১ অর্থবছরে ১১টি বিলে ৬ লাখ ৮৩ হাজার ৮৬৩ টাকা উত্তোলন। ২০১৯-২০ অর্থবছরে ২৫টি বিলে ১১ লাখ ৮১ হাজার ৭৫১ টাকা উত্তোলন করা হয়। বাকি অর্থবছরগুলোতেও একইভাবে অধিকাংশ বিল উত্তোলন করা হয়েছে জানিয়ে প্রতিবেদন জমা দেয় অডিট কমিটি।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী কলেজটির গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হন। অডিট কমিটির রিপোর্টের সত্যতা যাচাইয়ে আবারও তিন সদস্যের কমিটি গঠন করেন তিনি। সেই কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হলেও তা জমা দেয়া হয়নি।
সাময়িক বরখাস্ত অধ্যক্ষ আহমেদ শফিক বলেন, ‘প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।’
কলেজের গভর্নিং বডির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী বলেন, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অধিকতর তদন্ত করা হবে। তদন্তে যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। তাহলে তাঁকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

টানা বৃষ্টি ও জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধিতে ঝালকাঠির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কৃষিজমি, আমনের বীজতলা ও গ্রামীণ সড়ক। ব্যাহত হচ্ছে শিক্ষা ও স্বাভাবিক চলাচল। বিষখালী নদীর চর ভাটারকান্দা এলাকায় নতুন করে নদীভাঙনের শঙ্কাও দেখা দিয়েছে।
২ মিনিট আগে
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের নবাগত পরিচালক এস এম মনিরুজ্জামান সোমবার যোগদান করে মঙ্গলবার সকালে ঢাকায় যান। কিন্তু আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিএনপি পরিচয়ধারী একদল চিকিৎসক ও শিক্ষার্থী। নগরের ব্রাউন কম্পাউন্ড বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সামনে
৩৭ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার বনখুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
টানা বৃষ্টিতে ভোলা পৌর এলাকাসহ সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মনপুরার পাঁচ ইউনিয়নের গ্রাম, সড়ক, ফসলের মাঠ ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
১ ঘণ্টা আগে