
নেত্রকোনার মদনে ধর্ষণের ফলে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। এতে মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরসহ তাঁর ভাইকেও অভিযুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। চার্জশিটভুক্ত অপর আসামি হলেন আমান উল্লাহর ভাই মাইমুন ওরফে মামুন মিয়া (৩২)।
তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
সিআইডির ডিএনএ পরীক্ষায় মাদ্রাসাছাত্রীর জন্ম দেওয়া নবজাতকের সঙ্গে প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়ার পর এ অভিযোগপত্র দাখিল করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা জেলা আদালতের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ রিয়াদ মাহমুদ।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল বলেন, আদালতের নির্দেশে ঢাকার সিআইডি ল্যাবে পাঠানো নমুনার চূড়ান্ত প্রতিবেদন সম্প্রতি আদালতে পৌঁছেছে। ডিএনএ প্রোফাইলিংয়ের ফলাফলে নবজাতকের সঙ্গে আসামি আমান উল্লাহ মাহমুদীর পিতৃত্বের সম্ভাবনা ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত হয়েছে।
এর আগে আদালতের নির্দেশে গত ২৮ জুলাই সিআইডি সিলেটের একটি সেফ হোম থেকে নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে। এর আগে গত ১৭ মে অভিযুক্ত আমান উল্লাহ মাহমুদীর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওই ১১ বছর বয়সী শিশু একটি কন্যাসন্তানের জন্ম দেয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল শিশুটির মা মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে মামলা করেন। এজাহারে অভিযোগ করা হয়, আমান উল্লাহ শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে গত ৭ মে আদালত আমান উল্লাহকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে ১০ মে তাঁকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থে ডিএনএ পরীক্ষার আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
এদিকে শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে তার মা আদালতে সুরক্ষার আবেদন করেন। পরে ১২ মে আদালত শিশুটিকে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সিলেটের একটি সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
১৬ মিনিট আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
২ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
২ ঘণ্টা আগে