
দিনাজপুরে গ্রেপ্তার হওয়া মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে থানা ঘেরাও ও সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিকেলের দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকেরা। এ ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
এদিকে গ্রেপ্তার শেখ বাদশাকে আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শেখ বাদশার মুক্তির দাবিতে সাধারণ শ্রমিকেরা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে জেলা শহরের বিভিন্ন প্রবেশ পথে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন রেখে সড়ক অবরোধ করা হয়। এতে সাধারণ মানুষ ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানা এলাকায় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় সড়কে থাকা দুটি নাইটকোচে আগুন দেওয়া হয়। একটি টেলিভিশনের ক্যামেরাপারসন মো. রুবেলের মোটরসাইকেলেও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. মাসুদুর রহমান জানান, সংঘর্ষে আহত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরে বেলা ৩টার দিকে থানা এলাকার নিয়ন্ত্রণ নেন শ্রমিক নেতা মো. হিরুর অনুসারীরা। এর প্রায় আধা ঘণ্টা পর পুলিশি পাহারায় শেখ বাদশাকে আদালতে নেওয়া হয়। শুনানি শেষে আদালত তাঁকে জেলহাজতে পাঠান।
শেখ বাদশা দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জেলা শ্রমিক লীগের সাবেক নেতাও। জুলাই অভ্যুত্থানের পর সংবাদ সম্মেলন করে শ্রমিক লীগের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শেখ বাদশা।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর শহরের মহারাজা বটতলী এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল শেখ বাদশাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২০২৫ সালের ২১ জানুয়ারি করা বৈষম্যবিরোধী একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনাল বাদে অন্য সব সড়ক থেকে যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নরসিংদী জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হলেও নরসিংদী পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। নরসিংদী জেলার সুনাম বহু আগে থেকেই। মেঘনার কোলঘেঁষে নরসিংদী পৌরসভা গঠিত। এক সময় পাটশিল্পের জন্য বিখ্যাত ছিল নরসিংদী জেলা। বর্তমানে বিখ্যাত তাঁতশিল্পের জন্য। কিন্তু এত আগে পৌরসভা প্রতিষ্ঠিত...
১ সেকেন্ড আগে
উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলিত হন প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যা
১৩ মিনিট আগে
চার বছর ধরে পাওনা টাকা ফেরত না পেয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন আল আমিন নামের এক পাওনাদার। পাওনা টাকা আদায়ের দাবিতে দেনাদারের বাড়ির সামনে ব্যানার-ফেস্টুন ঝুলিয়ে প্রতীকী অনশনে বসেছেন তিনি।
১৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৯টি বালুবাহী নৌকা ও প্রায় এক হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. নাজমুল মিয়া (২৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগে