
জামালপুরে আত্মগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার ফেসবুক পোস্টকে ঘিরে তুলকালাম কাণ্ড চলছে। ইসলামপুর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি পালিয়ে আছেন।
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে ইসলামপুর উপজেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন ছাত্রলীগের ওই নেতা।
ফেসবুক ঘেঁটে জানা গেছে, পোস্টকারী ছাত্রলীগের ওই নেতার নাম মো. শাওন সরকার। তিনি ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। আজ শনিবার বিক্ষোভ মিছিল করার আহ্বান জানিয়ে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে গত বৃহস্পতিবার রাতে নেতা শাওন সরকার তাঁর ফেসবুক আইডিতে পৃথক তিনটি পোস্ট দেন।
আত্মগোপনে থাকা ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সরকারের ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এবং ৩২ নম্বরের বাড়ির ছবি সংবলিত পোস্টে ছাত্রলীগ নেতা শাওন সরকার লিখেছেন, ‘বঙ্গবন্ধুর নিজ বাসভবন ধানমন্ডির ৩২ নাম্বার বাড়ি ভাঙচুর করায় এবং অরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল মহোদয়ের নির্দেশনায় আগামীকাল শনিবার (আজ ৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে মন্ত্রী মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলে সবার উপস্থিতি কামনা করছি। সময় জানিয়ে দেওয়া হবে।’
দ্বিতীয় পোস্টে শাওন সরকার লিখেন, ‘ভাঙা জিনিস আবার ভেঙে লাভ কী? এসব করে আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি কেউ আটকাতে পারবেনা, কাল সবাইকে মন্ত্রী মার্কেটে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। জয় বাংলা।’
তৃতীয় পোস্টে তিনি লিখেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ভেঙে তছনছ করেছে বাংলাদেশের মেধাবীরা। বিচার হবে ইনশাআল্লাহ।’

এসব পোস্টের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে থানা সংলগ্ন স্টেশন রোডস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র–জনতা। এর আগে বিকেল পৌনে ৪টার দিকে ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় বটতলা চত্বরে সমাবেশ করেন বিএনপি নেতা–কর্মীরা। বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর থানা–পুলিশ পৌর শহরে বিশেষ মহড়া দেয়।
তবে বিদেশে অবস্থানরত উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশীদ তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম এক বিবৃতিতে জানিয়েছেন যে, উপজেলা আওয়ামী লীগের কোন কর্মসূচি নেই। এ বিষয়ে কাউকে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হলো।’

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) শামছুজ্জামান বলেন, ‘আত্মগোপনে থাকা শাওন সরকার নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ফেসবুকে উসকানিমূলক পোস্টে বিক্ষোভ মিছিল হবে মর্মে ঘোষণা দিয়েছে। ছাত্রলীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ। তারা যাতে মাঠে নেমে রাজনৈতিক কর্মকাণ্ড না চালাতে পারে সে জন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি। শুনেছি ছাত্রলীগ নেতা ফেসবুকে মিছিলের ঘোষণা দিয়ে পোস্ট করায় বিক্ষুব্ধ ছাত্র–জনতা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু বলেন, ‘ছাত্রলীগকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে। আমরা ইসলামপুরের মানুষ সব শান্তিপ্রিয়। এখানে এক ছাত্রলীগ নেতা বিক্ষোভ মিছিল করা হবে মর্মে ফেসবুকে পোস্ট করায় আমরা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি।’
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি ইসলামপুর থানার এসআই আব্দুল হাই বাদী হয়ে ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতা–কর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এই মামলা এজাহারভুক্ত আসামি ফেসবুকে পোস্টকারী ছাত্রলীগ নেতা শাওন সরকার। তিনি বর্তমানে আত্মগোপনে।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দীর্ঘদিনের নৌযান ও ফেরিসংকট নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি হাতিয়ায় যুক্ত করার চেষ্টা চলছে। শনিবার সকালে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের পরিস্থিতি পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এই তথ্য জানান।
৪০ মিনিট আগে
মন্ত্রী বলেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকর। জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটা জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। বিএনপি মনেপ্রাণে জুলাইকে ধারণ করে।
১ ঘণ্টা আগে
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁর বাবা আবুল হাসেম চিকিৎসাধীন। হতাহতরা পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা।
১ ঘণ্টা আগে
হাসপাতালে সাকিবুল হাসানের বাবা আবদুল করিম জানান, তাদের বাসা শান্তিবাগ এলাকায়। সাকিবুল রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ত। এক ভাই, এক বোনের মধ্যে সাকিবুল ছিল বড়।
১ ঘণ্টা আগে