
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী ও তাঁর সমর্থকেরা।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মামুন (৪৭), মানিক (৪২), আল আমিন (২৫), স্বপন সরকার (৫৫), বাবু (৪০) ও জয়নাল (৩৮)। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নাজমুল হোসেন বলেন, ‘আজ বিকেল পৌনে ৫টার দিকে মুন্সিগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থনে আমরা একটি মিছিল বের করি। মিছিলটি গজারিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে গজারিয়া গার্লস স্কুল পার হয়ে সোনালী মার্কেট এলাকায় পৌঁছালে ২০-২৫ জন লোক লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে সাত থেকে আটজন আহত হন।’
এ বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, ‘আমার সাত থেকে আটজন কর্মী আহত হওয়ার খবর পেয়েছি। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমি নির্বাচনে অংশ নিয়েছি। আমার প্রতিপক্ষ বুঝতে পেরেছে যে, মুন্সিগঞ্জ-৩ আসনে আমার জনসমর্থন ব্যাপক। তাই তারা শুরু থেকেই মারমুখী আচরণ করছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, ‘আমি ওই সময় মুন্সিগঞ্জ শহরে প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলাম। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা খুবই খারাপ কাজ করেছে। এর দায়ভার আমি বা আমার দল নেবে না। যারা করেছে, তাদেরই দায় নিতে হবে।’
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘ঘটনাটির খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার স্থাপনের প্রকল্প নেওয়া হয়েছিল। সেই কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম দিয়ে বাগিয়ে নেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটসম্যান শাহিন আলম। এখন সেই প্রতিষ্ঠান লাপাত্তা।
৪ ঘণ্টা আগে
পরীক্ষার কক্ষে সবাই বেঞ্চে বসে লিখে যাচ্ছেন খাতায়। তাঁদের পাশে বসে লিখছেন আরেক শিক্ষার্থী কলি রানী। তাঁকে দেওয়া হয়েছে ছোট বেঞ্চ। আর সেখানে বসেই মনোযোগসহকারে পা দিয়ে উত্তর লিখে যাচ্ছেন তিনি।
৫ ঘণ্টা আগে
মৌলভীবাজারে তীব্র ওষুধসংকট, জনবল ঘাটতি, দায়িত্বে অবহেলাসহ নানা সমস্যায় জর্জরিত কমিউনিটি ক্লিনিকগুলো। ফলে জেলার প্রত্যন্ত এলাকার প্রায় ১১ লাখ মানুষ এসব ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধসহ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বিশেষ করে গ্রামাঞ্চলের বয়স্ক, গর্ভবতী নারী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুক্তভোগী।
৫ ঘণ্টা আগে
আড়াই বছর ধরে থমকে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কৃষি যান্ত্রিকীকরণের প্রকল্প। গত ১১ মাস বেতন পাচ্ছেন না প্রকল্পটির ৭৭ কর্মকর্তা-কর্মচারী। অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ প্রকল্পটির সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে টাকা থাকা সত্ত্বেও সারা দেশে এর কার্যক্রম বন্ধ রয়েছে।
৬ ঘণ্টা আগে