Ajker Patrika

এক্সপ্রেসওয়েতে তিন দুর্ঘটনায় আহত অন্তত ১২

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ মে ২০২৬, ০৯: ১১
এক্সপ্রেসওয়েতে তিন দুর্ঘটনায় আহত অন্তত ১২
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সকাল পর্যন্ত মাওয়ামুখী লেনের কামারখোলা ও বেজগাঁও এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্র বলেছে, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দোহার বাইপাসের পর কামারখোলা ব্রিজে ওঠার ঢালের মাঝামাঝি এলাকায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। উত্তরা আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন দ্রুতগতিতে ঢাকা থেকে ছেড়ে আসা রাইদা পরিবহনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গোল্ডেন লাইন পরিবহনের কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়েন এবং কয়েকজন আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এর কয়েক ঘণ্টা পর বুধবার ভোর সোয়া ৩টার দিকে একই এলাকার কামারখোলা ব্রিজে ওঠার ঢালে আরেকটি দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বাড়ির মালামাল নিয়ে গাজীপুর থেকে পিরোজপুরগামী একটি পিকআপ ভ্যান যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের বাঁ পাশে দাঁড়িয়ে ছিল। পিকআপ ভ্যানটির পেছনে শিশুসহ পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। এ সময় মিরপুর থেকে বরগুনাগামী যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে পিকআপ ভ্যানটির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের পেছনে থাকা কয়েকজন এবং বাসের সামনের আসনে থাকা কয়েকজন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে হাসপাতালে পাঠান। এ সময় এক্সপ্রেসওয়েতে যান চলাচলে সাময়িক বিঘ্ন হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন পিরোজপুরের তপন মৃধার ছেলে পিকআপ ভ্যানযাত্রী সুমন মৃধা (২৪) এবং মো. আইয়ুব আলী শেখের ছেলে পিকআপ ভ্যানচালক ফুরকান ইসলাম (৪৫)।

এদিকে আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে মাওয়ামুখী লেনের বেজগাঁও ফিলিং স্টেশনের সামনে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরও চারজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন পাবনা সদরের লতিফের ছেলে কাইয়ুম (২৫), কুষ্টিয়ার কুমারখালীর আবু বক্করের ছেলে সুজন (২৮), ফরিদপুরের ভাঙ্গার উজ্জ্বল ভূঁইয়ার ছেলে হৃদয় ভূঁইয়া (১৮) এবং ফরিদপুরের রাজৈরের সোহেল শেখের ছেলে বাইজিদ শেখ (১৩)।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনার সময় যান চলাচল স্বাভাবিক রাখতে ছনবাড়ী আন্ডারপাসকে বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা হয়। পরে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত