
মৌলভীবাজারে গত চার দিন বৈশাখী ঝড়ে বিদ্যুৎ না থাকায় চা-কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। এতে চা-পাতার গুণাগুণ নষ্টসহ লোকসানের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দ্রুত সময়ে বিদ্যুৎ-ব্যবস্থার উন্নয়ন না করা হলে চরমভাবে ব্যাহত হবে চা-পাতার প্রক্রিয়াজাত।
জানা যায়, সারা দেশে মোট ১৬৭টি চা-বাগান রয়েছে। এর মধ্যে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলায় ৯২টি চা-বাগান রয়েছে। চলতি মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় বাগান থেকে পাতা তোলা শুরু হয়।
বাগান থেকে হাজার হাজার কেজি কাঁচা চা-পাতা কারখানায় জমা করা হলেও প্রক্রিয়াজাত চরমভাবে ব্যাহত হচ্ছে বিদ্যুতের অভাবে। পাশাপাশি গত চার দিনের কালবৈশাখীতে বিদ্যুৎ না থাকায় একদিকে নষ্ট হচ্ছে কাঁচা পাতা, অন্যদিকে চায়ের গুণাগুণ রক্ষা করা যাচ্ছে না।
চা-বাগানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃষ্টি হওয়ার পর বাগানের পাতা উত্তোলন ও প্রক্রিয়াজাত করার সঠিক সময়। অনেক বাগান চা-পাতা প্রক্রিয়াজাত করার অভাবে উত্তোলন করছে না।
বিদ্যুতের লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সবশেষে গত তিন-চার দিন বৈশাখী ঝড়ে জেলার বিদ্যুৎ লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় তিন থেকে চার দিন একেবারেই বিদ্যুৎ নেই বললে চলে।
এর সঙ্গে তেল সংকটের সমস্যা আছে। মৌসুমের প্রথমে যদি চা-পাতা উৎপাদন ব্যাহত হয় তাহলে লক্ষ্যমাত্রা অর্জন করা কষ্টকর হবে। প্রতিদিন ১৪-১৬ ঘণ্টা লোডশেডিং হয়েছে। এতে করে প্রতিটি কারখানায় অনেক চা-পাতা নষ্ট হচ্ছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, জেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা রয়েছে ৫০ মেগাওয়াট। গ্রিড লাইন থেকে পল্লী বিদ্যুৎ সমিতিকে সরবরাহ করা হয় মাত্র ৪৫ শতাংশ। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহের কারণে লোডশেডিং বেড়ে গেছে।
এ ছাড়া গত কয়েক দিনের কালবৈশাখীতে ব্যাপক বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়। জেলায় ৯ হাজার ৬২২ কিলোমিটার বিদ্যুৎ লাইনে ৪১টি খুঁটি ভেঙে পড়ে, ৫৯টি খুঁটি হেলে পড়ে, ৫৩১ স্থানে তার ছিঁড়ে পড়ে যায়। ৪৯টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। এতে বিদ্যুৎ-সংযোগ স্বাভাবিক করতে কিছু সময় লেগেছে।
চা-শ্রমিকেরা জানান, চা শিল্পের এখন মৌসুম মাত্র শুরু হয়েছে। মৌসুমের শুরুতে চা-পাতা সংগ্রহ করে কারখানায় নিয়ে এলেও বিদ্যুৎ না থাকায় প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে না। এতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে চা-পাতার গুণাগুণ রক্ষা করা। ফলে লোকসানে পড়তে হবে বাগানমালিকদের।
জানতে চাইলে চাতলাপুর চা-বাগানের ব্যবস্থাপক শুভঙ্কর চন্দ্র নাথ বলেন, লোডশেডিংয়ের কারণে চা-পাতার প্রক্রিয়াজাত চরমভাবে ব্যাহত হচ্ছে। দিনের বেশির ভাগ সময় ১৪-১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। লোডশেডিংয়ের পাশাপাশি গত তিন-চার দিন বিদ্যুৎ ছিলই না।
এসব কারণে চা-পাতার গুণাগুণ নষ্ট হচ্ছে। গ্যাসচালিত জেনারেটর আছে, তবে তা দিয়ে পুরোপুরি কার্যক্রম চালানো অসম্ভব।
শমশেরনগর চা-বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। উত্তোলন করা পাতা নষ্ট হচ্ছে। একই সঙ্গে গুণাগুণও নষ্ট হচ্ছে। আমরা যদি আগে থেকে জানতাম, এ সময় বিদ্যুৎ থাকবে না—তাহলে একটা প্রস্তুতি নিতে পারতাম।’
যখন চা-পাতার প্রক্রিয়াজাতের মেশিন চালু করি, তখন বিদ্যুৎ চলে যায়। এতে সময় ও চা-পাতা দুটিই নষ্ট হচ্ছে। লোডশেডিংয়ের সঙ্গে বৈশাখী ঝড়ে বিদ্যুৎ আরও নাই হয়ে গেছে।
এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস বলেন, ‘উৎপাদনের তুলনায় চাহিদা বেড়ে গেছে, এ জন্য লোডশেডিং হচ্ছে। আমরা চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাচ্ছি। আশা করি, এ সমস্যা কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে।’
এ ছাড়া কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে, এ জন্য কিছু সমস্যা হয়েছে। তবে গতকাল (বৃহস্পতিবার) থেকে সারা জেলায় বিদ্যুৎ-সংযোগ স্বাভাবিক আছে।

লালমনিরহাট জেলার ১০০ কিলোমিটার রেলপথে ১২২টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে অনুমোদিত ৯২টি এবং অনুমোদনহীন রয়েছে ৩০টি। কিন্তু অনুমোদিত ক্রসিংগুলোর মধ্যে মাত্র গেটম্যান রয়েছে ৩২টিতে। বাকি ৬০টিতেই কোনো গেটম্যান নেই। ফলে অরক্ষিত এসব স্থানে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে।
৪২ মিনিট আগে
বছরে দুবার ধান হয়, একবার টমেটো—এমন তিন ফসলি জমি প্রতিবিঘা বছরে লিজ দেওয়া হয়েছে ২ হাজার ৭৫০ টাকা দরে। এমন ৭০ বিঘা জমি লিজ দেওয়ার ক্ষেত্রে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন ও এলাকায় যে প্রচার চালানোর কথা সেটা করা হয়নি।
৩ ঘণ্টা আগে
খুলনার খালিশপুরের সন্ত্রাসী সোনা মিয়া হত্যা মামলার মূল আসামি কানা বেল্লাল (২৪) ও তাঁর সহযোগী সাকিব শেখকে (২২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নগরীর ছোট বয়রা এলাকার আমেনা মঞ্জিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে
ফরিদপুরে চাঁদা দাবি করে না পেয়ে জেলা বিআরটিএর এক কর্মকর্তার টেবিলের কাচ ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা জনি বিশ্বাসকে (২৯) আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ফরিদপুর কার্যালয় থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।
৬ ঘণ্টা আগে