মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সভাপতি হাসিবের ওপর হামলার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি সড়ক দিয়ে ইজিবাইকে করে হাসিবুল আসছেন। এ সময় তাঁর পাশের সিটে বসা একজন নারী ছিলেন। ইজিবাইকের গতিরোধ করে একজনকে বলতে শোনা যায়, ‘ইনি হচ্ছে জুলাই জঙ্গি হাসিবুল, সঙ্গে মেয়ে নিয়ে, দেশ বিক্রি করে এখানে আমোদ-ফুর্তি করছে।’ এরপর হইচই শোনা যায়। এরপর হাসিবুলকে বলতে শোনা যায়, ‘ভাই, ভাই, প্লিজ ভাই।’ পরে হাসিবুল দৌড়ে সেখান থেকে চলে যান।
তবে কারা হাসিবুলের ওপর এই হামলা করেছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্ট থেকে চেকআউট হয়ে বের হওয়ার সময় তাঁর ওপর হামলা হয়েছে। হামলার পর হাসিবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। আমরা পরবর্তীতে রিসোর্টে খোঁজ নিয়েছি, তিনি রিসোর্টেও যাননি। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।










