চিকিৎসাসেবায় হয়রানি ও দরপত্রে অনিয়মের অভিযোগ, গাংনী হাসপাতালে দুদকের অভিযান

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় হয়রানি, দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম এবং নিম্নমানের ও অসম্পূর্ণ চিকিৎসাসামগ্রী সরবরাহের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দরপত্রসংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহের পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা।
আজ সোমবার দুপুরে দুদকের কুষ্টিয়া জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ।
দুদক সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি, ই-জিপি টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং নিম্নমানের ও অসম্পূর্ণ চিকিৎসাসামগ্রী সরবরাহ করেও শতভাগ বিল উত্তোলনের অভিযোগ রয়েছে।
অভিযানকালে টিমের সদস্যরা অভিযোগসংশ্লিষ্ট দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন তথ্য ও নথিপত্র সংগ্রহ করেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা নিতে গিয়ে তাঁরা কোনো হয়রানি বা অনিয়মের শিকার হচ্ছেন কি না, হাসপাতালে দালালের দৌরাত্ম্য রয়েছে কি না ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, এসব বিষয়ে তাঁদের বক্তব্য শোনেন কর্মকর্তারা।
এ ছাড়া হাসপাতালের রান্নাঘর, রোগীদের জন্য তৈরি খাবারের মান, পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতাও সরেজমিনে পরিদর্শন করেন তাঁরা।
দুদকের সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ বলেন, অভিযানে সংগ্রহ করা নথিপত্র ও পাওয়া তথ্য বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। পরে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।









