Ajker Patrika

অগ্নিসন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৯: ১৯
অগ্নিসন্ত্রাস ঠেকাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
সাটুরিয়ায় সেতুর নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন খাদ্যমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

দেশে অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সতর্ক রয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আজ রোববার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চন্দ্রখালী খালের ওপর সাটুরিয়া মাছবাজার সেতুর নির্মাণকাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে। অগ্নিসন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সরকার প্রস্তুত।

দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করতে অনৈতিক কর্মকাণ্ড ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

অগ্নিসন্ত্রাস বা নাশকতামূলক কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তবে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন, সে কথাও বলেন তিনি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

দলীয় নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকার কথা উল্লেখ করে আফরোজা খানম রিতা বলেন, নেতা-কর্মীরা মিছিল ও মোটরসাইকেল মহড়া দিচ্ছেন। তাঁদের নিজেদের অবস্থান সুসংহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, মানিকগঞ্জ ধানের শীষের জায়গা। এখানে ধানের শীষের বিকল্প কিছু প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলা ও উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত