সাপের কামড়ে ২ ঘণ্টা ঝাড়ফুঁক, পরে অ্যান্টিভেনমের জন্য ৪ হাসপাতাল ঘুরেও হলো না রক্ষা

মানিকগঞ্জের ঘিওরে খেতে কাজ করার সময় বিষধর সাপের ছোবলে মো. আওলাদ হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের বরুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাপে কামড়ানোর পর প্রথমে তাঁকে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হলে অ্যান্টিভেনমের জন্য চার হাসপাতাল ঘুরেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।
সাপের কামড়ে আওলাদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর শ্যালক মো. জাহিদ হোসেন।
আওলাদ হোসেন বরুরিয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছোট ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় নিজের লালশাক ও ফুলকপির খেতে কাজ করছিলেন আওলাদ হোসেন। এ সময় একটি সাপ তাঁকে ছোবল দেয়। পরে বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে দুই ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করান। এরপর খাওয়াদাওয়া করে তিনি স্থানীয় বাজারে যান।
বেলা সাড়ে ১১টার দিকে বাজারে থাকা অবস্থায় তাঁর শরীরে তীব্র ব্যথা শুরু হয়। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অ্যান্টিভেনম না পাওয়ায় তাঁকে নেওয়া হয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। তারপর পাঠানো হয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বজনদের দাবি, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে অ্যান্টিভেনম ও স্যালাইন দেওয়া হয়। তবে ততক্ষণে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করলে পথে তাঁর মৃত্যু হয়।
পয়লা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নাজমা আক্তার বলেন, মাঠে কাজ করার সময় আওলাদ হোসেনকে সাপে কামড় দেয়। বাড়িতে ফেরার পর প্রথমে তাঁকে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করানো হয়। পরে শরীরে তীব্র ব্যথা শুরু হলে হাসপাতালে নেওয়া হয়।
ঘিওর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিব আহসান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তিনি ছুটিতে আছেন। কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।









