ওএমএসের চাল-আটায় অনিয়ম করলে ছাড় নয়: মানিকগঞ্জের ডিসি

খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমে অনিয়ম ও অব্যবস্থাপনা ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। তিনি বলেছেন, চাল-আটা বিতরণে নির্ধারিত নিয়মনীতি মানতে হবে এবং সরকারি সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ওএমএস কমিটির সদস্য, ডিলার ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ওএমএস কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। খাদ্যশস্য বিতরণের কোনো পর্যায়েই দায়িত্বে অবহেলা করা যাবে না। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিলারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও জেলা খাদ্যনিয়ন্ত্রক আশিক মাহমুদসহ ওএমএস ডিলাররা।
বক্তারা খাদ্যশস্য বিতরণে স্বচ্ছতা বজায় রাখা, অনিয়ম রোধ ও প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসন ও জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।









