১৮০ টাকায় ডাব বিক্রি করতে গিয়ে গুনলেন হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের ফটকের সামনে প্রতিটি ডাব ১৮০ টাকায় বিক্রি করছিলেন ব্যবসায়ী সুমন মিয়া। রোগী ও স্বজনদের জিম্মি করে এভাবে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় তাঁকে এক হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাব বিক্রেতাকে জরিমানা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুমন মিয়া প্রতিটি ডাব ১১০ টাকায় কিনে ১৮০ টাকায় বিক্রি করছিলেন। এতে প্রতিটি ডাবে তাঁর লাভ হচ্ছিল ৭০ টাকা।
অতিরিক্ত দামে ডাব বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।









