Ajker Patrika

প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন কাল, ৬ দাবি

• প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত ছয়টি দাবি পূরণের ঘোষণার অপেক্ষায় জেলাবাসী।

• প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

খোরশেদ আলম সাগর, লালমনিরহাট
প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন কাল, ৬ দাবি
তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে আসছেন আগামীকাল বৃহস্পতিবার। তাঁর সফর ঘিরে প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত ছয়টি দাবি পূরণের ঘোষণার অপেক্ষায় আছেন তিস্তা, ধরলা আর সানিয়াজান নদীবেষ্টিত জেলাটির বাসিন্দারা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট আসছেন তারেক রহমান। প্রিয় প্রধানমন্ত্রীকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলাবাসী। জেলাবাসীর নানান দাবি পূরণে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সফর উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে আর তাঁর কথা শুনতে অধীর আগ্রহে রয়েছেন এ জনপদের মানুষ।

এদিকে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিগত সরকার তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন দেখালেও তা কার্যকর করেনি। তাই এটি বাস্তবায়নের আশায় বুক বেঁধেছেন তিস্তাপাড়ের লাখো মানুষ।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নানা কর্মসূচি পালন করেন রংপুরের ৮ জেলার মানুষ। সেই আন্দোলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন। তাই প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণার দাবি উঠেছে তিস্তাপাড়ে।

লালমনিরহাট বিমানবন্দর চালু করার দাবি দীর্ঘদিনের। সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও আমলা ইতিমধ্যে কয়েক দফায় পরিদর্শনও করেছেন। সেটি চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চান এ অঞ্চলের মানুষ।

চরাঞ্চলে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দীর্ঘদিনের। বিগত সরকারের সময় জমি নির্বাচন করলেও তা আলোর মুখ দেখেনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেই অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবি তুলছেন জেলাবাসী।

বুড়িমারী স্থলবন্দরে পাথর আমদানি ছাড়া তেমন কোনো পণ্যের ব্যবসা নেই। প্রথম দিকে ২০টির অধিক পণ্যের ব্যবসা থাকলেও নিষেধাজ্ঞায় অনেক পণ্যের আমদানি-রপ্তানি নেই দীর্ঘদিন। বন্দরে ব্যবসা-বাণিজ্যের প্রাণচাঞ্চল্য ফেরাতে প্রধানমন্ত্রীর ঘোষণার দিকে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষায় বুড়িমারী মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের দাবি ও প্রতিশ্রুতি দীর্ঘদিনের।

রেললাইন থাকলেও বন্দরের পণ্য পরিবহনে নেই ট্রেন। সেই পণ্যবাহী ট্রেন পুনরায় চালুর দাবি উঠেছে। এ ছাড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে করবে—এমন ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে চান স্থানীয়রা।

কৃষির উন্নতিকল্পে ভুট্টাজাত কারখানা লালমনিরহাটে করার প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি। স্বল্প মজুরির শ্রমিকখ্যাত চরাঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার দাবি তুলেছেন তিস্তাপাড়ের মানুষ।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতা শফিয়ার রহমান বলেন, ‘আমরা আশা করছি, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করবেন।’

জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রীর সফরের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁকে বরণ করতে প্রস্তুত জেলাবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত