প্রথমবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী, ৬ দাবি পূরণের অপেক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে আসছেন আগামী বৃহস্পতিবার। তাঁর সফর ঘিরে প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত ছয়টি দাবি পূরণের ঘোষণার অপেক্ষায় আছেন তিস্তা, ধরলা আর সানিয়াজান নদীবেষ্টিত জেলাটির বাসিন্দারা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট আসছেন তারেক রহমান। প্রিয় প্রধানমন্ত্রীকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলাবাসী। জেলাবাসীর নানান দাবি পূরণে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সফর উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে আর তাঁর কথা শুনতে অধীর আগ্রহে রয়েছে এ জনপদের মানুষ।
এদিকে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিগত সরকার তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন দেখালেও তা কার্যকর করেনি। তাই এটি বাস্তবায়নের আশায় বুক বেঁধেছেন তিস্তাপাড়ের লাখো মানুষ।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নানা কর্মসূচি পালন করেন রংপুরের ৮ জেলার মানুষ। সেই আন্দোলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন। তাই প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণার দাবি উঠেছে তিস্তাপাড়ে।
লালমনিরহাট বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি চালু করার দাবিও দীর্ঘদিনের। সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও আমলা ইতিমধ্যে কয়েক দফায় পরিদর্শনও করেছেন। সেটি পুনরায় চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চায় এ অঞ্চলের মানুষ।
চরাঞ্চলে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দীর্ঘদিনের। বিগত সরকারের সময় সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় জমি নির্বাচন করলেও তা আলোর মুখ দেখেনি। সেই জমিতে অর্থনৈতিক অঞ্চল করার বিষয়টি স্থানীয় বিএনপির সংসদ সদস্যের ইশতেহারে ছিল। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেই অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবি তুলছেন জেলাবাসী।
বুড়িমারী স্থলবন্দরে পাথর আমদানি ছাড়া তেমন কোনো পণ্যের ব্যবসা নেই। প্রথম দিকে ২০টির অধিক পণ্যের ব্যবসা থাকলেও নিষেধাজ্ঞায় অনেক পণ্যের আমদানি-রপ্তানি নেই দীর্ঘদিন। ফলে সম্ভাবনাময় এ বন্দরটিকেও পুরো কাজে লাগানো যাচ্ছে না। আগের মতো ব্যবসা-বাণিজ্যের প্রাণচাঞ্চল্য ফেরাতে প্রধানমন্ত্রীর ঘোষণার দিকে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে বন্দরের সঙ্গে যোগাযোগ রক্ষায় বুড়িমারী মহাসড়ক ও রেললাইন রয়েছে। মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের দাবি আর প্রতিশ্রুতি দীর্ঘদিনের।
রেললাইন থাকলেও বন্দরের পণ্য পরিবহনে নেই ট্রেন। একসময় অল্প খরচে পণ্যবাহী ট্রেনে বুড়িমারী স্থলবন্দরের পণ্য পরিবহন করা হতো। সেই পণ্যবাহী ট্রেন পুনরায় চালুর দাবি উঠেছে। এ ছাড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে যাত্রা না করে বুড়িমারী থেকে করবে—এমন ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে চান স্থানীয়রা।
ভুট্টা লালমনিরহাটের ব্র্যান্ডিং পণ্য হলেও ভুট্টাজাত কারখানা প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। কৃষির উন্নতিকল্পে ভুট্টাজাত কারখানা তিস্তা চরাঞ্চলের জেলা লালমনিরহাটে করার প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি। স্বল্প মজুরির শ্রমিকখ্যাত চরাঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার দাবি তুলেছেন তিস্তাপাড়ের মানুষ।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সম্পাদক শফিয়ার রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী এ সফরে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করবেন।’
লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁকে বরণ করতে প্রস্তুত জেলাবাসী।









