Ajker Patrika

গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১২: ৩৫
গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক
রায়পুরে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখার গেটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিয়েছে পথচারীরা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংকের মীরগঞ্জ শাখার গেটে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটক যুবক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রামগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মো. ইমন খান (২৫) কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকন আমিনের ছেলে। তিনি কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ইমনসহ আরও কয়েকজন যুবকের উপস্থিতি দেখা গেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে ইমন কিংবা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় কয়েকজন যুবক ব্যাংকের সামনে ঘোরাফেরা করছিলেন। তাঁদের মধ্যে একজন বোতল থেকে পেট্রল বের করে ব্যাংকের গেটে ছড়িয়ে আগুন ধরিয়ে দেন। পরে যুবকেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পথচারীরা ইমনকে আটক করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মী সেখানে গিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, গ্রামীণ ব্যাংকের গেটে অগ্নিসংযোগের ঘটনায় রাতেই কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন খানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৮ নভেম্বর রাতে রায়পুর থানা ভবনের পেছনে সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিংয়ের কক্ষ থেকে দুটি চকলেট বোমা নিক্ষেপ করে পালানোর সময় ছাত্রলীগের দুই কর্মী লাবিব ও জিহাদকে আটক করা হয়। পরে তাঁদের বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত