Ajker Patrika

কমলনগরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে পেলেন ক্ষমা

লক্ষ্মীপুর প্রতিনিধি
কমলনগরে সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে পেলেন ক্ষমা
মুচলেকা দিয়ে ক্ষমাপ্রাপ্ত অভি মাহমুদ। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরি করে সমালোচনার মুখে পড়েছেন অভি মাহমুদ নামের এক যুবক। এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সরকারি কার্যালয়ের কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার নির্ধারিত চেয়ারে বসে গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন এক যুবক। তাঁর সামনে থাকা টেবিলে দাপ্তরিক নথিপত্র ও কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেটও দেখা যায়। ভিডিওটি নিজের ফেসবুক ও টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে অভিযুক্ত যুবক অভি মাহমুদ ও তাঁর অভিভাবককে ডেকে পাঠানো হয়। সেখানে নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দেন তিনি।

মুচলেকায় অভি মাহমুদ উল্লেখ করেন, কয়েক দিন আগে সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ে অনুপস্থিত থাকার সুযোগে বিনা অনুমতিতে সেখানে প্রবেশ করেন তিনি। এরপর কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তাঁর এমন কর্মকাণ্ডে সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মুচলেকায় স্বীকার করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আর জড়াবেন না বলেও অঙ্গীকার করেন। এ সময় তাঁর অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, ‘সরকারি কার্যালয়ে এ ধরনের অননুমোদিত আচরণ ও দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিওটি প্রশাসনের নজরে আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত যুবক লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত