Ajker Patrika

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, নতুন ১২৯ জনসহ ৬ দিনে আটক ৯১৭
আটককৃতদের মধ্যে কয়েকজন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয়টি থানা এলাকা থেকে ১২৯ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ৭৯ জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫০ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্যমতে, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ অভিযানে ছয় দিনে মোট ৯১৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৬৩০ জনকে যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, ২৮৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলার সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। তবে ধারাবাহিক অভিযান সত্ত্বেও কিশোর গ্যাংয়ের তৎপরতা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার আবু তারেক বলেন, গত ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযান চলমান রয়েছে। এ পর্যন্ত মোট ৯১৭ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে ২৮৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে থাকা মূল আশ্রয়দাতাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত