Ajker Patrika

পদ্মায় দস্যুদের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন

কুষ্টিয়া প্রতিনিধি
পদ্মায় দস্যুদের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন
মাঝ নদীতে স্পিডবোটে আগুন ধরিয়ে ডুবিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের পর দুটি স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বোট দুটি মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়।

গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর এলাকার সীমান্তসংলগ্ন পদ্মা নদীতে চারটি স্পিডবোটের আনাগোনা ছিল। একপর্যায়ে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এক পক্ষ অন্য পক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বোট দুটির চালক ও আরোহীরা নদীর তীরে সেগুলো রেখে পালিয়ে যান। পরে প্রতিপক্ষের লোকজন বোট দুটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যান।

নদীতীরবর্তী পানবরজের চাষিরা জানান, দুপুরে তাঁরা হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর নদীতে আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া দেখতে পান। স্থানীয় লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিছু সময় পর আরেকটি স্পিডবোট এসে ক্ষতিগ্রস্ত বোট দুটিকে টেনে মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেয়।

স্পিডবোটগুলোর মালিক কারা, সংঘর্ষে কারা জড়িত এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। তবে ঘটনাস্থল নৌ-পুলিশের হওয়ায় তারাই এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

ঘটনার বিস্তারিত জানতে লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি মিটিংয়ে থাকার কথা জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে আর ফোন ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত