Ajker Patrika

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২: ৩৪
কুষ্টিয়ায় জেলা জজের বাসভবনে ককটেল, গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা
কুষ্টিয়ায় জেলা জজের সরকারি বাসভবন ও গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া শহরে জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন এবং মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে পৃথক এ দুটি ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গ্রামীণ ব্যাংকের একটি কক্ষে আগুন লেগে কিছু আসবাব পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীর সরকারের সরকারি বাসভবন লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রধান সড়ক থেকে বাসভবন লক্ষ্য করে ককটেলটি ছোড়ে। এটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বাসভবন পাহারার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে একই রাতে আনুমানিক ২টার দিকে মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া-মিরপুর শাখা লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, এর মধ্যে দুটি বোমা ব্যাংক ভবনের দেয়ালে আঘাত করে নিচে পড়ে যায়। অন্যটি ভবনের দোতলায় ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে এবং আগুন ধরে যায়। পরে ব্যাংক কর্মকর্তারা ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে একটি লেপ ও তোষক পুড়ে যায়।

Kushtia-2

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উভয় ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত