
টানা বৃষ্টিতে কুড়িগ্রামের বোরোচাষিদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জমিতে পানি জমে পাকা ধান তলিয়ে যাচ্ছে, আবার কেটে আনা ধান ও খড় শুকাতে না পারায় পচন ধরছে। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, সেই শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকায় দেখা যায়, বিস্তীর্ণ বোরো জমিতে হাঁটু থেকে কোমরসমান পানি জমে রয়েছে। পানির মধ্যে দাঁড়িয়ে ধান কাটছিলেন কৃষক ফুলমিয়া (৫৭) ও তাঁর ছেলে শাহিন (১৮)। ফুলমিয়া বলেন, ‘দিনরাত বৃষ্টি হচ্ছে। ধান কাটার পর শুকাতে পারছি না। এমন অবস্থা হয়েছে যে কী করব বুঝতে পারছি না।’
একই গ্রামের কিষানি ইয়াতুন্নেছা বলেন, পানিতে থাকা ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। বেশি মজুরিতে শ্রমিক মিললেও বৃষ্টির কারণে ধান ও খড় শুকানো সম্ভব হচ্ছে না। ফলে ধান পচে যাওয়ার শঙ্কা বাড়ছে।
শুধু রৌমারী নয়, জেলার বিভিন্ন এলাকায় একই পরিস্থিতি বিরাজ করছে। বোরো জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আবার কাটা ধান ও খড়ের গাদায় পচন ধরছে।
কুড়িগ্রাম পৌর এলাকার কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘বৃষ্টির মধ্যেই ৫০ শতক জমির ধান কাটতে হয়েছে। ধানে অঙ্কুর বের হওয়া শুরু হয়েছিল। পরে কম দামে ভেজা ধান বিক্রি করে দিয়েছি। খরচই ওঠেনি।’
চলতি মৌসুমে অতিবৃষ্টিতে শুধু বোরো ধান নয়, ভুট্টা, পাট ও সবজি চাষেও ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। শ্রমিকদের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
কৃষি বিভাগ জানিয়েছে, এই পরিস্থিতিতে পাকা ধান দ্রুত কেটে মাড়াই করে ছাউনিযুক্ত স্থানে রাখতে হবে। বাতাসে কিছুটা শুকিয়ে গেলে পরে রোদে শুকানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে খড় সংরক্ষণে কার্যকর বিকল্প কোনো উপায় নেই বলে জানিয়েছে বিভাগটি।
কৃষকদের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়ে আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী তিন-চার দিন বৃষ্টির প্রবণতা কমতে পারে। দিনের বেলায় আবহাওয়া স্বাভাবিক ও রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রামে ১ লাখ ১৭ হাজার ৩৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। অতিবৃষ্টিতে অন্তত ৩৭ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে বলে সরকারি হিসাবে উল্লেখ করা হলেও কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ আরও বেশি।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এবার অতিবৃষ্টিতে বোরোচাষিরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেই কৃষকদের এগিয়ে যেতে হবে।’
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘যারা এখনো ধান কাটেননি, তাঁদের দ্রুত পাকা ধান কেটে নিতে হবে। দীর্ঘ সময় পানিতে থাকলে ধান নষ্ট হয়ে যেতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে কুড়িগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ১৩ মে জেলায় ১৯০ মিলিমিটার এবং ১৮ মে ১১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ।

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
২ ঘণ্টা আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
২ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
৩ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
৩ ঘণ্টা আগে