
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সরকারি ভিজিএফ কর্মসূচির চালের স্লিপ ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি আব্দুল হাই বাদল সরদারের ছেলে নাঈম সরদার, একাংশের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আরেক অংশের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ মুসা, শাহারুল ইসলাম, মোকসেদুল ইসলাম, বাবু, জিয়াউর রহমান ও আতিকুল ইসলাম। তাঁদের মধ্যে আতিকুল ও নাঈমকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে বিএনপি নেতা বাদল সরদার কয়েকজন নেতা-কর্মী নিয়ে ইউনিয়ন পরিষদে (ইউপি) যান এবং ঈদ উপলক্ষে বরাদ্দ আসা ভিজিএফ চালের স্লিপ দাবি করেন। এতে ইউপি সচিব অপারগতা প্রকাশ করলে বিএনপির নেতা-কর্মীরা সচিব ও মেম্বারদের পরিষদ থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের ছেলে আরিফুল ইসলাম আরিফসহ ইউনিয়ন বিএনপির আরেকটি পক্ষ পরিষদ চত্বরে গেলে উত্তেজনা সৃষ্টি হয়।
ইউপি সদস্য শাহ আলম বলেন, ‘সন্ধ্যার পর বড়ভিটা বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের সামনেই সংঘর্ষ চলে। এতে কয়েকজন আহত হয়েছেন।’
এ নিয়ে কথা হলে বাদল সরদার বলেন, ‘আমার কাছে অভিযোগে এসেছে যে ভিজিএফ চালের বেশ কিছু স্লিপ মেম্বাররা বিক্রি করেছে। ৪-৫ মাস ধরে পরিষদে চেয়ারম্যান নাই। আমি শুধু বলেছি চেয়ারম্যানের উপস্থিতিতে চাল বিতরণ করতে হবে। বিতরণে যেন অনিয়ম না হয়। এলাকার প্রকৃত অভাবগ্রস্ত লোক যেন বঞ্চিত না হয়। আমি কাউকে রুম থেকে বের করে দিই নাই। এটা মিথ্যা কথা।’
সংঘর্ষের বিষয়ে এই নেতা বলেন, ‘এই ঘটনাকে আরিফ অন্যদিকে ঘুরিয়েছে। সন্ধ্যায় আমি পার্টি অফিসে বসে ইফতার করছিলাম। এ সময় আরিফ তার ছেলেদের নিয়ে পরিকল্পিতভাবে আমার লোকজনের ওপর হামলা করেছে। পার্টির লোকজনের সঙ্গে ঝামেলা হইছে। আইনগত ব্যবস্থা নেওয়ার কিছু নাই। এটা বসে ফয়সালা করা হবে। ফয়সালার ওপর কিছু নাই।’
অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজিরের ছেলে আরিফ বলেন, ‘চালের স্লিপ দাবি করে বাদল সরদার পরিষদে গিয়ে সচিবসহ মেম্বারদের গালিগালাজ করে বের করে দেন। এ নিয়ে আরেক পক্ষ প্রতিবাদ করেছে। পরে সন্ধ্যার আগে আমি ফুলবাড়ী থেকে গিয়ে দেখি তারা চলে গেছে। উত্তেজনার বিষয়টি জানতে পেরে থানায় খবর দিই। লোকজন নিয়ে বড়ভিটা বাজারের ইফতার করতে যাই। এ সময় বাদল সরদারের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। এতে আমাদের ছয়জন আহত হয়। পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে।’
এ বিষয়ে কথা হলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘চালের স্লিপ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এটা কাম্য নয়। দল এমন ঘটনাকে প্রশ্রয় দেবে না।’
যোগাযোগ করা হলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিয়েছি। আমরা যখন গিয়েছি তখন কোনো সংঘর্ষ হয়নি। সংঘর্ষের বিষয়টি আমার নলেজে নেই। তাই আহত হওয়ার বিষয়টি বলতে পারছি না।’

নিহত কলিম উল্লাহ তাঁর মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করেন। মামলার তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর অভিযুক্ত সয়ফুল্লাহ ও তাঁর ছেলে জুবের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কলিম উল্লাহর ওপর হামলা করেন। এ সময় সয়ফুল্লাহ ধারালো দা দিয়ে কলিম উল্লাহর গলায় কোপ দিলে তিনি মাটিতে
৪ মিনিট আগে
খুলনা ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর প্রতিবাদে খালিশপুরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে বন্ধ পাটকল শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন।
৮ মিনিট আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশাল নগরে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার নগরের অশ্বিনী কুমার টাউন হলে জাসাস বরিশাল জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১৩ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় গরুবোঝাই একটি পিকআপের পাঁচটি গরুও মারা যায়।
২৪ মিনিট আগে